Shubhankar Sarkar
Bengal Liberty
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)। শনিবার কলকাতার বিধান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এটি কোনো স্বাভাবিক পদত্যাগ নয়; সরকার কার্যত ধর্মেন্দ্র প্রধানকে “বরখাস্ত” করতে বাধ্য হয়েছে।

শুভঙ্কর সরকারের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা থাকলে ধর্মেন্দ্র প্রধানের অনেক আগেই নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় লাগাতার দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশের ছাত্র-ছাত্রীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। অথচ এই দুর্নীতির সঙ্গে যুক্তদের সরকার বারবার আড়াল করার চেষ্টা করেছে এবং এখনও পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেনি।

রাহুলের চাপে পিছু হটল কেন্দ্র Subhankar Sarkar
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই প্রতিবাদের ফলেই দেশজুড়ে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে এবং সেই আন্দোলনের চাপেই কেন্দ্র সরকার ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য হয়েছে। শুভঙ্কর সরকারের ভাষায়, “এই জয় দেশের ছাত্র ও যুব সমাজের জয়।”

তবে আন্দোলন এখনই শেষ হচ্ছে না বলে স্পষ্ট জানান তিনি। ছাত্রসমাজের আরও দুটি দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন – ছাত্র-ছাত্রীদের ওপর যাঁরা অত্যাচার চালিয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি, গোটা ঘটনার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তিনি। শুভঙ্কর সরকার স্পষ্ট বার্তা দেন যে, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং ছাত্রসমাজের সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

