Narendra Modi
Bengal Liberty
দেশের জাতীয় পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে (Narendra Modi) তুলতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা তথা প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকণির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এই কমিটি দেশের বর্তমান পরীক্ষা পদ্ধতির বিভিন্ন খামতি পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে। প্রধানমন্ত্রী জানান, টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে সমস্ত সর্বভারতীয় পরীক্ষাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা হবে।

টাস্ক ফোর্স ঘোষণা প্রধানমন্ত্রীর
ভিডিও বার্তায় প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কেন্দ্রের কঠোর অবস্থানও স্পষ্ট করেন মোদি। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভারত সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজ আইনের আওতায় রয়েছে।

দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। আগামীকালই সংসদে আরও কঠোর আইনি বিধান আনার লক্ষ্যে নতুন আইন তৈরির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।” তিনি আরও বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যেখানে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সেই লক্ষ্যেই নন্দন নিলেকণির নেতৃত্বে এই বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিট (NEET) প্রশ্নফাঁস ও মেধাতালিকায় অনিয়মের অভিযোগে রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিন ধরে আন্দোলন চালায় ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। তার পরদিনই প্রধানমন্ত্রী পরীক্ষা ব্যবস্থার সংস্কারের এই ঘোষণা করায়, ছাত্রছাত্রীদের আস্থা পুনর্গঠনের দিকেই কেন্দ্র সরকার জোর দিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

