CM Suvendu Adhikari
Bengal Liberty : নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির বলাগড়ের জিরাটে অবস্থিত পৈতৃক ভিটে সংরক্ষণ করে সেখানে সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে (Shamyaprasad Mukherjee)। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বসতবাড়ি কিনে নেওয়া হয়েছে। ব্যক্তিগত মালিকানার এই ঐতিহাসিক বাড়ি এবার সরকারি সম্পত্তিতে পরিণত হল। এখানেই গড়ে তোলা হবে সংগ্রহশালা, গ্রন্থাগার, পার্ক এবং অন্যান্য স্মারক পরিকাঠামো(Shamyaprasad Mukherjee)।

রেকর্ড সময়ে সম্পন্ন মালিকানা বদল (Shamyaprasad Mukherjee)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলা প্রশাসন ও তথ্য-সংস্কৃতি দপ্তর দ্রুত উদ্যোগ নেয়। জেলাস্তরে বৈঠক হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই বাড়ির চার উত্তরসূরির সঙ্গে আলোচনা করে কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত ৩ জুলাই কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স দফতরে জমি রেজিস্ট্রিরের কাজ শেষ হয়। একই দিন ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে চার শরিকের অ্যাকাউন্টে মোট ১ কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকা পাঠানো হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, বসতবাড়ি-সহ মোট ০.৩০১৭৯ একর জমি কেনা হয়েছে। জমির মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৫ লক্ষ এবং বাড়ির কাঠামোর মূল্য ১০ লক্ষ ৫৬ হাজার। সব মিলিয়ে সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৬ লক্ষ। প্রশাসনিক খরচ বাবদ আরও প্রায় ২ লক্ষ যোগ হওয়ায় সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২৮ লক্ষ।

সংগ্রহশালা, গ্রন্থাগার ও ১২৫ ফুটের মূর্তি গড়ার পরিকল্পনা (Shamyaprasad Mukherjee)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সংরক্ষণ করতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাঁর জন্মদিন ৬ জুলাই রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ বছর রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে মহাসমারোহে পালিত হয়েছে তাঁর জন্মজয়ন্তী। রাজ্য বাজেটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটের সংস্কার, আশপাশের এলাকার সৌন্দর্যায়ন, একটি আধুনিক সংগ্রহশালা, গ্রন্থাগার, স্মৃতি উদ্যান এবং ১২৫ ফুট উঁচু পূর্ণাবয়ব মূর্তি নির্মাণের জন্য ২০০ কোটি বরাদ্দ করা হয়েছে। সরকারের দাবি, ঘোষণামাফিক দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই স্থানকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ও দর্শনীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুন :
CM Suvendu Adhikari : শ্যামাপ্রসাদের আদর্শকে সম্মান! ১২৫ ফুট মূর্তি গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

