Bengal Liberty:
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে ফের সরব হলেন বিমল গুরুং। সেই দাবিকে নতুন করে জোরালো করতে রবিবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) সভাপতি। দার্জিলিংয়ের মারওয়াড়ি ভবনে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা বৈঠকে জিজেএম, বিজিপিএম, সিপিআরএম, আইজিজেএফ-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, গোর্খাল্যান্ডের দাবিকে গণতান্ত্রিক উপায়ে কেন্দ্রের সামনে তুলে ধরতে একটি সর্বদলীয় খসড়া কমিটি গঠন করা হবে। সেই কমিটির তৈরি প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে।

Gorkhaland
বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, বর্তমানে রাজ্য ও কেন্দ্রে একই রাজনৈতিক জোটের সরকার রয়েছে। তাই পাহাড়ের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার এটাই উপযুক্ত সময়। সেই কারণেই রাজনৈতিক মতপার্থক্য ভুলে এক মঞ্চে এসে গোর্খাল্যান্ড ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অনীত থাপা, অজয় এডওয়ার্ড-সহ বিভিন্ন রাজনৈতিক শিবিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও খবর
Gorkhaland অমিত শাহকে খসড়া প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত
জানা গিয়েছে, প্রস্তাবিত খসড়া কমিটিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিনিধিদেরও রাখা হবে। পাহাড়ের তরুণ সমাজও যে গোর্খাল্যান্ডের দাবির প্রতি সমর্থন জানাচ্ছে, সেই বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Gorkhaland
বৈঠক শেষে বিমল গুরুং বলেন, “গোর্খাল্যান্ডের জন্য আমরা আন্দোলন করেছি, আত্মত্যাগ দেখেছি। এবার গণতান্ত্রিক পদ্ধতিতে কীভাবে এই দাবি পূরণ করা যায়, সেই পথেই এগোতে চাই। একটি খসড়া তৈরি করে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে। নতুন প্রজন্মও এই দাবির পাশে রয়েছে, সেটাও সরকারকে জানানো হবে।”
Gorkhaland
পাহাড়ে পৃথক রাজ্যের দাবি নতুন নয়। গত কয়েক দশকে এই দাবিকে কেন্দ্র করে একাধিক আন্দোলন, বন্ধ এবং অশান্তির সাক্ষী থেকেছে দার্জিলিং। তবে এবার আন্দোলনের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথেই জোর দিচ্ছেন পাহাড়ের নেতারা।
Gorkhaland
উল্লেখ্য, চলতি সপ্তাহেই কলকাতায় এসেছিলেন জিজেএম সভাপতি বিমল গুরুং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে বৈঠকও করেন তিনি। যদিও সেটিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠকের পরই পাহাড়ে সর্বদলীয় বৈঠকে গোর্খাল্যান্ড ইস্যুতে নতুন করে দাবি উত্থাপনের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর।
আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পড়ুয়াদের জন্য সুখবর! স্কলারশিপে ইউজিসির নতুন নির্দেশিকা


