CM Suvendu Adhikari
Bengal Liberty : কলকাতার আইনশৃঙ্খলা ব্যবস্থা ও জরুরি পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার আচমকাই শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। ওয়াটগঞ্জ, একবালপুর থানা এবং লালবাজার পরিদর্শনের পাশাপাশি তিনি মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত দমকলের সদর দফতরেও যান। পুলিশ ও দমকলের পরিকাঠামো, কর্মীসংখ্যা এবং জরুরি পরিষেবার প্রস্তুতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। পাশাপাশি, আলিপুর পুলিশ লাইন্সে বসে বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাও খতিয়ে দেখেন এবং উদ্ধার ও তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন (CM Suvendu Adhikari)।

মহিলা সহায়তা ডেস্কের পরিষেবা খতিয়ে দেখলেন (CM Suvendu Adhikari)
প্রথমে পোর্ট ডিভিশনের অন্তর্গত ওয়াটগঞ্জ ও একবালপুর থানা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। থানাগুলিতে চালু হওয়া মহিলা সহায়তা ডেস্ক-এর পরিকাঠামো খুঁটিয়ে দেখেন তিনি। ডেস্কে উপস্থিত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন। বিশেষ করে সাইবার অপরাধের শিকার মহিলারা কোথায় অভিযোগ জানাবেন, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া কী, কারা সেই দায়িত্বে রয়েছেন এবং পরিষেবা কতটা কার্যকর-এসব বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি। পাশাপাশি, দুই থানার ওসির সঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

লালবাজার থেকে দমকল সদর দফতরে (CM Suvendu Adhikari)
থানা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী যান লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরে। সেখানে নগরপালের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করেন। এরপর সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছে যান মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত দমকলের সদর দফতরে। দমকল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বর্তমান পরিকাঠামো, জরুরি পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকা অগ্নিনির্বাপক ইঞ্জিনের সংখ্যা, কর্মীসংখ্যা এবং পরিষেবার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। পাশাপাশি, শহরের জরুরি পরিষেবাকে আরও কার্যকর ও দ্রুততর করতে প্রয়োজনীয় বিষয়গুলিও পর্যালোচনা করেন।


