Bengal Liberty : শহরকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার (Agnimitra Paul)। রাস্তাঘাটে বা প্রকাশ্যে আবর্জনা ফেললে জরিমানা করা হবে। একই সঙ্গে বাড়ানো হবে ডাস্টবিনের সংখ্যা, বসানো হবে বিশেষ ভেন্ডিং মেশিন। যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলে মিলবে বিনামূল্যে কাপড়ের ব্যাগ। পাশাপাশি খুব কম দামে পরিবেশবান্ধব ব্যাগও সাধারণ মানুষের জন্য উপলব্ধ করা হবে। এমনই জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

প্লাস্টিক দূষণ রুখতে কড়া নজর (Agnimitra Paul)
প্লাস্টিক আজ পরিবেশের অন্যতম বড় শত্রু। এটি সহজে পচে না। বছরের পর বছর মাটি, নদী, খাল ও সমুদ্রে পড়ে থেকে দূষণ বাড়ায়। প্লাস্টিকের বর্জ্যে নর্দমা বন্ধ হয়ে জল জমার সমস্যাও তৈরি হয়। পশুপাখিরাও অনেক সময় প্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়। তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “ডাস্টবিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রত্যেকটা বাজারে ভেন্ডিং মেশিন বসানো হবে। সেখানে বাড়ি থেকে ব্যবহৃত প্লাস্টিকের বোতল এনে মেশিনে দিলে বিনামূল্যে একটি কাপড়ের ব্যাগ পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “এক টাকার কর্ন স্টার্চ দিয়ে তৈরি বায়োডিগ্রেডেবল ব্যাগও দেওয়া হবে। দেখতে প্লাস্টিকের মতো হলেও এটি পরিবেশবান্ধব। মাছ-মাংস বা বাজার করার জন্য এই ব্যাগ ব্যবহার করা যাবে।” জরিমানার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। অগ্নিমিত্রা পালের কথায়, “বিভিন্ন জায়গায় এই ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। সাফাইকর্মী ও পুলিশের সহযোগিতায় রাস্তায় আবর্জনা ফেললে জরিমানার প্রক্রিয়া শুরু হবে।” সরকারের আশা, সচেতনতার পাশাপাশি এই উদ্যোগ শহরে প্লাস্টিকের ব্যবহার কমাবে এবং পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বড় ভূমিকা নেবে।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/07/agnimitra-paul-15/


