Bengal Liberty:
এসএসকেএমে দালাল চক্রের পর্দাফাঁস। পুলিশের সক্রিয়তায় এক মাসেই জালে ধরা পড়েছে ৬ জন। সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে রমরমিয়ে চলছিল দালালরাজ—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। একে একে ধরা পড়তে শুরু করেন দালাল চক্রের সদস্যরা।

রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ(SSKM Hospital )
পুলিশ সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ফের এক দালালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা অমিত প্রামাণিক। অভিযোগ, বিশেষ কোটায় রোগীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক রোগীর পরিবারের কাছ থেকে দু’দফায় মোট ১৩ হাজার টাকা নিয়েছিল অমিত। টাকা নেওয়ার পরই আচমকা উধাও হয়ে যায় সে।
আরও খবর
ঘটনার পর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে ওই রোগীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত মোবাইল ফোনের সূত্র ধরেই অমিত প্রামাণিকের খোঁজ পান তদন্তকারীরা। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৬ দালাল(SSKM Hospital)
তবে অমিতই প্রথম নয়। এই দালাল চক্রের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিল পুলিশ। গত ৬ জুলাই ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল হুগলির উৎপল বসুমল্লিক ও মুর্শিদাবাদের আশাবুল শেখ। এরপর এক মাসের মধ্যেই পরপর গ্রেফতার হয় হুগলির সুজয় দাস, ভবানীপুরের রাজেশ মল্লিক এবং তাপস নায়েক। প্রত্যেকের বিরুদ্ধেই রোগী ভর্তি করানো কিংবা হাসপাতালের বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।
বারবার একই ধরনের অভিযোগ সামনে আসায় এসএসকেএম হাসপাতালে দালালচক্র নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। দালালদের গতিবিধি রুখতে হাসপাতাল চত্বরে নজরদারি আরও কড়া করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা অন্য কোনও পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ নতুন নয়। দালালচক্র বন্ধ করতে প্রশাসনের তরফে আগেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তারপরেও পুরোপুরি এই চক্র বন্ধ করা সম্ভব হয়নি।
কড়া পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য দফতর(SSKM Hospital)
এবার রাজ্য প্রশাসনের পরিবর্তনের পর সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর। অমিত প্রামাণিকের গ্রেফতারের পর এই চক্রের মাথাদের খোঁজে আরও সক্রিয় হয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘অরবিন্দের যোগচর্চা ফিরিয়েছেন মোদি’, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর


