Bengal Liberty:
বাংলাকে পর্যটনের অন্যতম বড় গন্তব্য হিসেবে তুলে ধরতে বড়সড় পরিকল্পনা রাজ্য সরকারের। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দফতর এবং একাধিক সহযোগী দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে রাজ্যের পর্যটন পরিকাঠামোর আধুনিকীকরণ থেকে শুরু করে নতুন পর্যটনকেন্দ্র তৈরি, রোপওয়ে, রিভার ট্যুরিজম এবং ডেস্টিনেশন ওয়েডিং-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।

পর্যটনের নতুন দিক (Tourism Industry)
বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, মুখ্যসচিব, অর্থসচিব-সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পর্যটন দফতরের অধীনে থাকা বিভিন্ন সম্পত্তির আধুনিকীকরণ, পর্যটনকেন্দ্রগুলিতে উন্নত পরিষেবা এবং কর্মী নিয়োগের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে তৈরি হবে ১,০০০টি নতুন ‘ট্যুরিস্ট অ্যামেনিটি সেন্টার’। পর্যটনকেন্দ্রগুলিতে পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত বায়ো-টয়লেটের স্থায়ী ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিকল্প উপায়ে পর্যটন দফতরের রাজস্ব বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
জেলায় জেলায় নতুন জায়গা (Tourism Industry)
জেলার নিজস্ব পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে চালু হবে ‘ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্যাকেজ’। একটি জেলার একাধিক দর্শনীয় স্থানকে একই প্যাকেজের আওতায় এনে পর্যটকদের আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে। পর্যটনকে শুধু নির্দিষ্ট মরশুমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরের ৩৬৫ দিন পর্যটক আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের পর্যটন ও আতিথেয়তা শিল্পের প্রসারে শিলিগুড়িতে ‘হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রাথমিকভাবে দার্জিলিং ও সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবারই বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর কথায়, লক্ষ্য ‘ওয়ান স্টেট, ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন’। পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল—সবকিছুকে একসঙ্গে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের পর্যটন পরিকাঠামো গড়ে তুলতে চাইছে সরকার। পাশাপাশি একাধিক জেলাকে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর উপযোগী করে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
পুজোর আগে নতুন চমক (Tourism Industry)
অর্থাৎ, পর্যটনকে শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবে নয়, রাজ্যের অর্থনীতির অন্যতম বড় শিল্প হিসেবে গড়ে তুলে রাজস্ব বৃদ্ধির নতুন দরজা খুলতে চাইছে সরকার। প্রথমে পর্যটনমন্ত্রীর বৈঠক এবং পরে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বঙ্গের পর্যটনকে ঘিরে পুজোর আগে রাজ্য সরকার কোনও বিশেষ পরিকল্পনা নিচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পর্যটনপ্রেমীদের নজর এখন সেদিকেই।

আরও পড়ুনঃ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ বিতর্কে যুক্তি শারদ্বতের! নতুন নির্দেশিকায় ৭২ কি ৪৮ হবে?

