Bengal Liberty
বিতর্কের মধ্যেই ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াললিখন মুছে ফেলা হল। এই নিয়ে দ্বিতীয় বার ক্যাম্পাসের দেওয়াল সাদা রঙের প্রলেপ দেওয়া হল। দেওয়ালের গায়ে সাদা রঙের প্রলেপে ঝাপসা হয়ে গেছে কার্ল মার্ক্সের উক্তি। বিষয়টি তারা লক্ষ্য করে গভীর রাতে। পড়ুয়াদের অভিযোগ, মঙ্গলবার রাতে কলকাতা পুলিশ ও পুরসভার কর্মী পরিচয়ে কয়েক জন ক্যাম্পাসে ঢুকে দেওয়াললিখন মুছে দেয়।

দ্বিতীয় বার ‘হোয়াইট ওয়াশ’ (Jadavpur University)
আরএসএফ – এর যাদবপুর ইউনিটের সম্পাদক ইন্দ্রানুজ রায়ের দাবি, রাত সাড়ে ১২টা নাগাদ তিনি খবর পান, ৪ নম্বর গেট দিয়ে কয়েক জন ক্যাম্পাসে ঢুকেছেন। রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। ইন্দ্রানুজের দাবি, পুরসভার কর্মীরা দেওয়াললিখন ‘হোয়াইট ওয়াশ’ করতে এসেছেন এবং পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে এসেছে। খবর পেয়েও হস্টেলের পড়ুয়ারা বাইরে বেরোতে পারেননি। হস্টেল কর্তৃপক্ষ তাদের বাইরে যেতে দেয়নি। পরে রাতে বেরিয়ে তাঁরা দেখেন, বেশ কিছু দেওয়াললিখন সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে। সঙ্গে সাদা প্রলেপে মুছে দেওয়া হয়েছে কার্ল মার্ক্সের উক্তি।
আরও খবর

ইন্দ্রানুজের অভিযোগ, মাঝরাতে পুলিশ কীভাবে ক্যাম্পাসে ঢুকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়াললিখন মুছে দেয়।

২৪ ঘণ্টার মধ্যেই ফের স্লোগান লেখা হয়। পরে এসএফআইও দেওয়াললিখন কর্মসূচি নেয়। তবে, মঙ্গলবার উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও মর্যাদা বজায় রাখার আবেদন জানান। তিনি দেওয়াললিখনের পক্ষে নন। মতপ্রকাশের স্বাধীনতাকে মান্যতা দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দেওয়াল বা বিভিন্ন কাঠামোয় যত্র তত্র স্লোগান লিখন, গ্রাফিতি, পোস্টার বা এই ধরনের কোনও কাজ যেন না করা হয়। বদলে মতপ্রকাশের জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহারের সুযোগ থাকবে বলে পড়ুয়াদের জানিয়েছিলেন তিনি। যদিও দেওয়াল আবার মোছা হবে কি না সরাসরি বলেননি তিনি।


