West Bengal voter list
Bengal Liberty, কলকাতা :
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ঘিরে বড় অগ্রগতি (West Bengal voter list)। ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষাধিক ভোটারের মধ্যে এক তৃতীয়াংশের বেশি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ২১ লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে, যার মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটারের ভাগ্য এই সপ্তাহেই প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।
অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্ট। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, আগামী শুক্র বা শনিবারই প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। সেখানে স্পষ্ট ভাবে প্রকাশিত হবে ২০ লক্ষ ভোটারের মধ্যে কারা তালিকায় থাকছেন এবং কারা বাদ পড়ছেন।

ট্রাইবুনাল গঠনের তোড়জোড় West Bengal voter list
যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য বিশেষ ট্রাইবুনালে আবেদন করার সুযোগ রাখা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইবুনাল গঠনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এসআইআর প্রক্রিয়ার অসঙ্গতি খতিয়ে দেখতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড ও ওড়িশার বিচারকদেরও এই কাজে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে ৭০০-র বেশি বিচারক এই বিশাল যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

ভোটের আগেই একাধিক তালিকা প্রকাশ
কমিশন সূত্রে জানা গেছে, ভোটের আগে একাধিক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নিষ্পত্তি হবে এবং যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার মনোনয়ন জমার শেষ তারিখ ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল।
ফলে এই সময়সীমার মধ্যেই যত বেশি সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি সম্ভব, তার উপরই নির্ভর করছে বহু মানুষের ভোটাধিকার।
