Mamata Banerjee in Cooch Behar
Bengal Liberty Desk, ২৪ মার্চ, কলকাতা: ভোটের মুখে ক্রমশ চড়ছে বিরোধীদের প্রচারের পারদ, এবার সেই চাপের মাঝেই পাল্টা ময়দানে সরাসরি নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় টানা জনসভার মাধ্যমে প্রচারের লড়াইয়ে ক্রমশ গতি বাড়াতে চাইছে শাসক শিবির। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। অপরদিকে অন্যান্য বিধানসভা কেন্দ্রকেও নাগালছাড়া করতে নারাজ শাসক শিবির। তাই নিজে ময়দানে নেমে প্রচারে ঝাঁঝ বাড়াতে তৎপর তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, ভোটযুদ্ধ এবার জমে উঠছে। লড়াই হবে টক্করে টক্কর।
জেলায় জেলায় জনসভা মমতার (Mamata Banerjee)
আজ, মঙ্গলবার থেকে শুরু করে টানা সফরসূচিতে রাজ্যের একাধিক জেলায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাণীগঞ্জ, কাশীপুর, মানবাজার, রায়পুর থেকে শুরু করে চন্দ্রকোনা, গড়বেতা, বিষ্ণুপুর- প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রেই সভা করে সরাসরি মানুষের কাছে পৌঁছতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বড় মঞ্চ নয়, ঘরোয়া বৈঠক ও সংগঠন স্তরের যোগাযোগও জোরদার করতে জোর দিচ্ছেন তিনি। স্পষ্টতই, বুথস্তরে প্রভাব বিস্তার এবং কর্মীদের চাঙ্গা করাই এই সফরের মূল লক্ষ্য।
কোথায় কোথায় সভা করবেন মমতা (Mamata Banerjee)?

আজ, মঙ্গলবার থেকে শুরু করে টানা কর্মসূচিতে একাধিক জেলা চষে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন চ্যালসা জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে ঘরোয়া বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু করার কথা রয়েছে। ২৫ মার্চ, আগামীকাল, বুধবার মরনাইভূড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে একাধিক জনসভা করবেন তিনি। এরপর ২৬ মার্চ, বৃহস্পতিবার পাঁশকুড়া ও দুরাজপুরে সভা করার পরিকল্পনা রয়েছে।
২৭ মার্চ, শুক্রবার ছাতনা ও ওন্দায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। ২৮ মার্চ, শনিবার রাণীগঞ্জ, রঘুনাথপুর ও কাশীপুরে একাধিক সভা রয়েছে। ২৯ মার্চ, রবিবার মানবাজার ও রায়পুরে জনসংযোগ কর্মসূচি চালাবেন তিনি। ৩০ মার্চ, সোমবার পাঁশকুড়া পশ্চিম, ডেবরা ও নারায়ণগড়ে সভা করার কথা রয়েছে। ৩১ মার্চ, মঙ্গলবার চন্দ্রকোনা, গড়বেতা ও বিষ্ণুপুরে জনসভা দিয়ে এই পর্যায়ের সফর শেষ করবেন।
আরও পড়ুন (Mamata Banerjee)-
Mamata Banerjee Bhabanipur: শুভেন্দুর ভয়ে ভবানীপুরে শক্ত ঘাঁটি মজবুত করতে মাঠে মমতা, রুদ্ধদ্বার বৈঠকে কড়া বার্তা কর্মীদের
Mamata-Abhishek Election Campaign: শুভেন্দুর প্রচার শুরুর পরেই ভোটের ময়দানে নামছেন মমতা, বুধে নন্দীগ্রামে সেনাপতি অভিষেক
ফ্রন্টফুটে মমতা, বিরোধীদের চাপে রাখার কৌশল (Mamata Banerjee)

একুশের হাড্ডাহাড্ডি লড়াই এবারও কার্যত দেখা যাবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্মুখসফরে লড়াইয়ে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বার নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে
হেরে যাওয়ায় এবার প্রচারে আর ফাঁক ফোকর রাখতে নারাজ তৃণমূল। নিজে ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিরোধীদের চাপে রাখতে চাইছেন এবং সংগঠনের ভিত আরও মজবুত করার বার্তা দিচ্ছেন তা স্পষ্ট। সব মিলিয়ে, বাংলার ভোটমঞ্চে শুরু হয়ে গিয়েছে হাইভোল্টেজ লড়াই। এবার তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
