Pabitra Kar
Bengal Liberty, ২৩ এপ্রিল :
ভোট দিয়ে জিত নিয়ে আত্মবিশ্বাসী হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী পবিত্র কর (Pabitra Kar)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল থেকে বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটলেও স্পটলাইটে নন্দীগ্রাম। একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে তাঁরই একসময়ের প্রাক্তন সঙ্গী পবিত্র কর এই বিধানসভা নির্বাচন থেকে লড়ছে। বেলা একটু গোড়াতেই নিজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে নিজের জিত নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। একসময় যে দলকে পদদলিত করেছেন আজ সেই দলকে নিয়েই আত্মতুষ্টির হাসি দেখা গেল পবিত্র করের ঠোঁটে। পাশপাশি বিজেপিকে হেয় করতেও ছাড়লেন না শুভেন্দুর প্রাক্তন ছায়াসঙ্গী (Pabitra Kar)।

পবিত্র করের অভিযোগ (Pabitra Kar)
ভোটকেন্দ্রে ঢোকার মুখে এবং ইভিএমে ঢোকার মুখে অবধি সকলকে নমস্কার জানান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটকেন্দ্রে থেকে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, ” পুরো নন্দীগ্রামবাসীকে জঞ্জাল থেকে মুক্ত করার জন্য সাধারণ মানুষ সংঘবদ্ধ ভাবে ভোট দিচ্ছে আমার পরবর্তী কর্মসূচি তাদের উৎসাহিত করা।” তারপরই তিনি বলেন, এরপর প্রতিটি বুথকে মনিটরিং করবেন তিনি। প্রাক্তন দল প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করে বলেন, ” চারদিন ধরে কেন্দ্রীয় বাহিনী দল সহ বিজেপির ক্যাডার অত্যাচার করেছে, বাড়ি ভাঙচুর করেছে।” যদিও এর আগে একই কথা তৃণমূলের বিরুদ্ধে শোনা গিয়েছিল, যখন তিনি তৃণমূলে নয় বিজেপিতে ছিলেন। তাই বলাই বাহুল্য শব্দ পবিত্র করের শব্দ একই থাকে শুধু দলটা পরিবর্তিত হয়।

একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্র কর। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে এবং রাজনৈতিক মোহভঙ্গ হয় তাঁর। শেষমেশ গত ১৭ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবারের নির্বাচনে নন্দীগ্রামের লড়াইয়ে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশলেই একদা শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র করকেই প্রার্থী করেছে তৃণমূল। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতে লড়াই তুঙ্গে।

স্পটলাইট নন্দীগ্রামে (Pabitra Kar)
একদিকে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রাম আবারও পুনর্দখল করবে বিজেপিই, আত্মবিশ্বাসী পদ্ম শিবির। অপরদিকে ডোবা জমি পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল। এই বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী এবং একসময় শুভেন্দুরই ছায়াসঙ্গী তবে বর্তমানে তৃণমূলের তুরুপের তাস পবিত্র করের লড়াই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ছাব্বিশের নির্বাচন নয় একুশের নির্বাচনও ছিল নজরকাড়া। মুখোমুখি ছিলেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামান্য ব্যবধানে হলেও একটুর জন্য নন্দীগ্রাম হাত ফস্কে যায় তৃণমূলের। যদিও এবার মমতা এবং শুভেন্দুর মূল লড়াই হবে ভবানীপুর কেন্দ্রে, তবে নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইট হাতছাড়া করতে নারাজ উভয় পক্ষই। তবে যে শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজনীতিতে এসেছিলেন পবিত্র কর আজ দল বদল করে তিনি ভাবছেন সেই শুভেন্দু অধিকারীকেই হারিয়ে দেবেন তিনি। এখন দাবার শেষ চালটা কে চলবে সেটাই দেখার।
