Election 2026
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের দিন উত্তেজনার আবহে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়।

বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর তৃণমূলের
বিজেপির অভিযোগ, অগ্নিমিত্রা পাল ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। সেই সময় তিনি হামতনগর হাই স্কুলের একটি বুথে যান পরিস্থিতি খতিয়ে দেখতে। বুথ পরিদর্শন শেষে সেখান থেকে বেরোনোর সময়ই আচমকা কিছু দুষ্কৃতী তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় অগ্নিমিত্রা পালের গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে যায়। গাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। যদিও ওই সময় গাড়ির ভিতরে থাকা কেউ গুরুতর আহত হননি বলে প্রাথমিকভাবে খবর। ঘটনার পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় কর্মীরা সঙ্গে সঙ্গেই হীরাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অগ্নিমিত্রা পালের দাবি, বুথ পরিদর্শন করে বেরোনোর সময় পরিকল্পিতভাবেই তাঁর গাড়িতে হামলা করা হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে। ঘটনাকে ঘিরে আসানসোল দক্ষিণ কেন্দ্রের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
