Narendra Modi visit
Bengal Liberty, Kolkata :
রাজ্যে প্রথম দফার ভোটের দিনেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Narendra Modi visit। সামনে দ্বিতীয় দফার ভোট, তার আগেই একাধিক রাজনৈতিক কর্মসূচি ও সভা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই নিরাপত্তার কারণে শহরজুড়ে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিশেষ করে কেন্দ্রীয় এলাকা এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচলের সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ।

ট্রাফিক বিভাগের নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকেই শহরের কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ শুরু হবে। মোদি যে রাস্তাগুলি দিয়ে যাবেন, সেই এলাকার রাস্তায় ট্রাম-সহ সব ধরনের গাড়ি চলাচল এবং পার্কিং প্রয়োজন মতো বন্ধ করতে দিতে পারে পুলিশ।বিকেল ৪টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজভবন চত্বর সংলগ্ন এলাকায় ভারী পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে গভর্নমেন্ট প্লেস পূর্ব এবং এসপ্ল্যানেড রো পূর্বের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের সংযোগস্থল পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে, বিজ্ঞপ্তিতে এমনটাই নির্দেশ কলকাতা পুলিশের।
পণ্যবাহী গাড়ির উপর বিশেষ নিষেধাজ্ঞা
এছাড়াও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে এক দফায় পণ্যবাহী যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ জারি করা হবে। এই সময়ের মধ্যে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে ভারী গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। হাওড়া সেতু থেকে শুরু করে ব্রাবোর্ন রোড ও তার উড়ালপুল, বিবাদী বাগ পূর্ব, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং গভর্নমেন্ট প্লেস পূর্ব সব জায়গাতেই থাকবে এই নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, দ্বিতীয় হুগলি সেতু, কেপি র্যাম্প ও কেপি রোড, রেড রোড, নেতাজি মূর্তি চত্বর, আরআর অ্যাভিনিউ এবং লোকভবনের দক্ষিণ ফটক সংলগ্ন এলাকাতেও ওই সময় পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
শুক্রবারেও দীর্ঘ সময় ট্রাফিক নিয়ন্ত্রণ
উল্লেখ্য শুক্রবারও টানা প্রায় আট ঘণ্টা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় ভারী যানবাহনের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। লোকভবনের দক্ষিণ ফটক থেকে আরআর অ্যাভিনিউ, রেড রোড, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জস গেট রোড! এই গুরুত্বপূর্ণ করিডরগুলিতে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না।
এর পাশাপাশি হেস্টিংস র্যাম্প, হেস্টিংস ক্রসিং, কেপি রোড, ১১ ফারলং গেট, লাভার্স লেন, হাসপাতাল রোড ও সংলগ্ন পূর্বাংশ, এজেসি বসু রোড এবং তার উড়ালপুল, মা উড়ালপুল, ইএম বাইপাস, উল্টোডাঙার নতুন উড়ালপুল ও ঢালাই সেতুতেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এমনটাই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই কড়াকড়ির ফলে শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলি কার্যত ভারী যানমুক্ত রাখা হবে, যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও রকম সমস্যা না তৈরি হয় এবং প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
অন্যদিকে যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে সময় হাতে রেখে বেরোতে এবং ট্রাফিক আপডেট নিয়মিত দেখে নেওয়ার জন্য। এবং অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে।
