election 2026
Bengal Liberty , কলকাতা:
কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর আজই সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। সি-ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ জমা পড়েছে।

উত্তপ্ত পরিস্থিতি দিনজুড়ে
জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এই পরিস্থিতির দিকে নজর রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। আজ একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটে সমস্যায় পড়েন ভোটাররা। কোথাও আবার আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী। এদিন ভোটগ্রহণ শুরু হতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। আর প্রয়োজন মতো নির্দেশ পৌঁছে যাচ্ছে দলীয় কর্মীদের কাছে বলে সূত্রের খবর।
কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উঠেছে। তার ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ ভোটাভুটি ব্যাহত হয়। তবে, সারাদিন পরিস্থিতি গরম থাকলেও বিকেল ৪টের পর বেশিরভাগ জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
