Chapra poll violence
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দ্বিতীয় দফার ভোট শুরু হতে না হতেই রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার চাপড়া Chapra poll violence। বুথে ঢোকার আগেই পথ আটকে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বন্দুক উঁচিয়ে হামলা, রডের বাড়িতে ফাটল মাথা
সূত্রের খবর, চাপড়ার ৫৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট মোশারেফ মিরের ওপর নারকীয় হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। চাপড়ার বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ, ৫৩ নম্বর বুথে মক পোল শুরুর পর ওই বিজেপির এজেন্টকে বাধা দেয় তৃণমূলের লোকজন। এরপরই মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপি এজেন্ট জানিয়েছেন, ‘আমি সকাল ৫.৪০ নাগাদ বুথের দিকে যাচ্ছিলাম। আমি বিজেপির এজেন্ট। আমার সঙ্গে ISF-র এজেন্ট ছিল। মফিদুল তাঁর দলবল নিয়ে বন্দুক উঁচিয়ে তেড়ে আসে আমার দিকে। আমার মাথায় রডের বাড়ি মেরেছে। আমি প্রত্যেককেই চিনি। ওরা প্রায় ১৫-১৬ জন ছিল। আমাকে মেরে পালিয়ে যায়। আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। আমার সঙ্গে যাঁরা ছিল, তাঁদেরকেও মারা হয়েছে।’ বিজেপি এজেন্ট আরও জানিয়েছেন, ‘এমন পরিস্থিতি গত কয়েকদিন ধরেই তৈরি করেছে তৃণমূল। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট না দেওয়ার জন্য হুমকি দিয়েছে তৃণমূল। প্রাণে মারার হুমকিও দিয়েছে। বুথের থেকে ১০০ মিটার দূরত্বে এই ঘটনা হয়েছে।’
উল্লেখ্য এই ঘটনার পর স্থানীয়রা ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে চাপড়া হাসপাতালে ভর্তি করেন। ইতিমধ্যেই এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির দাবি, পরিকল্পিতভাবেই ভোট প্রক্রিয়া ব্যাহত করতে এই হামলা চালানো হয়েছে।
