Weather Alert
Bengal Liberty, ৪ মে :
সপ্তাহের শুরুতেই বদলে গেল আবহাওয়ার ছবি (Weather Alert)। সকাল থেকেই আকাশ মেঘলা, কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি। এর সঙ্গে দমকা হাওয়াও বইতে শুরু করেছে। আর ঠিক এই দিনেই চলছে বিধানসভা ভোটের গণনা। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে। আলিপুর আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, আর সেই পূর্বাভাস প্রায় অক্ষরে অক্ষরে মিলেছে। ঘূর্ণাবর্ত এবং বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে আজ গোটা পশ্চিমবঙ্গেই ঝড়-বৃষ্টি অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে। বিশেষ করে উত্তর ২৪ পরগণা, হুগলী এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা অনেক ক্ষেত্রে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে গাছপালা ভেঙে পড়া, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়া বা যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দিনভর আবহাওয়া থাকবে অস্থির, কখনও রোদ উঠলেও হঠাৎ করেই আকাশ কালো করে নামতে পারে বৃষ্টি। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আজ আবহাওয়া বেশ খারাপ থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে, তাই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এখানেও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়ের প্রকোপ বাড়তে পারে।
