Bhawanipur
Bengal Liberty, ৫ মে :
সালটা ২০১১। পরিবর্তনের জোয়ারে ভেসে ৩৪ বছরের বাম শাসনের ইতি টেনে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল (Suvendu Adhikari)। তারপর টানা দেড় দশক ধরে প্রায় নিরবচ্ছিন্ন শাসন, একরকম মসৃণ পথচলাই দেখেছে বাংলা। কিন্তু ২০২৬-এ এসে ছবিটা যেন বদলে গেল পুরোপুরি। আবারও পরিবর্তনের হাওয়া বইছে রাজ্যজুড়ে! তবে এবার সেই স্রোতের উলটো দিকে দাঁড়িয়ে তৃণমূলই। নতুন এই রাজনৈতিক ঝড়ের নাম বিজেপি। সব হিসাব উলটে দিয়ে প্রথমবারের মতো বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির, আর সেই সঙ্গেই রাজ্যের রাজনীতিতে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। ২০৬ আসনে জিতে তৃণমূলকে ধরাশায়ী করেছে বিজেপি। উপরন্তু ভবানীপুরেও মমতার গড়ে মমতাকে ১৫ হাজারের বেশি ভোটে হারাল শুভেন্দু অধিকারী। গতকাল, সোমবারের জয়ের পর আজ, মঙ্গলবার সাত সকালে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারীর কৃতজ্ঞতা বার্তা (Suvendu Adhikari)
সোশ্যাল মিডিয়াতে প্রথমেই শুভেন্দু অধিকারী লিখেছেন, “প্রণাম পশ্চিমবঙ্গবাসী।” তারপরই তিনি বলেন, “আপনাদের বিপুল সমর্থন এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বের ওপর আস্থা রাখার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই জয় শুধু কোনও দলের নয়, এটি প্রত্যেক দেশপ্রেমিক মানুষের জয়, প্রত্যেক কর্মীর পরিশ্রমের ফল।”
প্রণাম পশ্চিমবঙ্গবাসী 🙏
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি… pic.twitter.com/Y1pnjX0Eam— Suvendu Adhikari (@SuvenduWB) May 5, 2026
নিজের বার্তায় তিনি আরও বলেন, “বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে-এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ-তা পূরণে আমরা বদ্ধপরিকর। সকলকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে একটি সুস্থ ও সুন্দর রাজ্য, যেখানে মানুষের সেবা হবে সরকারের প্রধান লক্ষ্য।” নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারী, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য ও কলকাতা পুলিশের ভূমিকাকেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এক বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি”-এই বার্তাতেই শেষ করেন তিনি।
