SSC
Bengal Liberty, ১২ মে :
বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার সবচেয়ে বড় ধাক্কা দেখা গেল শিক্ষা প্রশাসনের অন্দরে (SSC)। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি, আদালতের কড়া পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মধ্যে থাকা শিক্ষা দপ্তরে শুরু হয়েছে ব্যাপক রদবদল। সেই আবহেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের ইস্তফাপত্র স্কুল শিক্ষা সচিবের কাছে জমা পড়েছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত বা বিতর্কিত পদাধিকারীদের সরিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত মিলছিল (SSC)। এই জোড়া পদত্যাগ সেই প্রক্রিয়ারই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতির আবহেই দায়িত্বে এসেছিলেন রামানুজ, মেয়াদ বাড়ানো হয়েছিল সিদ্ধার্থর (SSC)
পূর্বতন সরকারের আমলে শিক্ষা দপ্তরকে ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় রাজ্যজুড়ে। মামলার শুনানি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এই অস্থির পরিস্থিতির মধ্যেই দায়িত্বে আনা হয়েছিল রামানুজ গঙ্গোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তাঁকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের অবসর গ্রহণের কথা থাকলেও চলতি বছরের জানুয়ারিতে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।

শিক্ষা ব্যবস্থায় ‘আমূল সংস্কার’-এর পথে সরকার (SSC)
নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পর থেকেই পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র এবং বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা দপ্তরেও দুর্নীতির অভিযোগে জর্জরিত পুরনো কাঠামো ভেঙে নতুন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি চলছে বলে খবর। শুধু শীর্ষপদ নয়, এসএসসির একাধিক আঞ্চলিক কার্যালয়ের চেয়ারপার্সনের পদত্যাগের খবরও সামনে আসছে। পাশাপাশি বহু স্কুল ও কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলিও নতুন নিয়মে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ডিজিটাল নজরদারি বাড়ানোই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।
