UP Storm
Bengal Liberty, ১৪ মে:
প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। বুধবার বিকেল থেকে শুরু হওয়া ভয়াবহ ঝড় ও বৃষ্টির দাপটে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই রাজ্য (UP Storm)। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্যজুড়ে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। ঝড়ের তাণ্ডবে ধুলোয় মিশেছে শয়ে শয়ে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। দুর্যোগের খবর পাওয়ামাত্রই ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড়সড় আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

মুহূর্তে শ্মশানের নিস্তব্ধতা! লণ্ডভণ্ড একাধিক জেলা UP Storm
বুধবার বিকেল থেকেই উত্তরপ্রদেশের আকাশ কালো করে নামে দুর্যোগ। সন্ধ্যা হতেই শুরু হয় ঝোড়ো হাওয়া আর কালবৈশাখীর তাণ্ডব। প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুরসহ একাধিক জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ঝড়ের দাপটে দেওয়াল চাপা পড়ে এবং গাছ পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। বেশ কিছু জেলায় বজ্রপাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়াও রেললাইন ও রাস্তায় গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচল ও যানচাহন ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে ডুবে রয়েছে একের পর এক গ্রাম।

কৃষিক্ষেত্রে অপূরণীয় ক্ষতি
কেবল ঘরবাড়ি নয়, প্রকৃতির এই রুদ্ররোষ থেকে রেহাই পায়নি কৃষিজমিও। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। কোথাও শিলাবৃষ্টিতে ফসলের দফারফা হয়েছে, কোথাও আবার বৃষ্টির জলে ডুবেছে ক্ষেত। এই বিপুল ক্ষতির জেরে মাথায় হাত পড়েছে রাজ্যের হাজার হাজার কৃষকের।
দুর্যোগ সামলাতে ‘অ্যাকশন মোডে’ মহারাজ
প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়ামাত্রই এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের লণ্ডভণ্ড পরিস্থিতির খতিয়ান নিতেই প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তিনি। জানানো হয়েছে মৃতদের পরিবারকে অবিলম্বে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং শীর্ষ আধিকারিকদের অর্ডার করা হয়েছে এই দুর্যোগে কৃষিক্ষেত্রে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
