Kolkata Police
Bengal Liberty
শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সম্ভাব্য বিক্ষোভ, মিছিল ও অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। আগামী দুই মাস মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ১৬৩ ধারা জারি করা হয়েছে (Kolkata Police)। ফলে নির্দিষ্ট এলাকাগুলিতে জনসমাবেশ, বিক্ষোভ ও ধর্নার উপর কঠোর নজরদারি থাকবে। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে। BNSS-এর ১৬৩ ধারা পূর্বের ফৌজদারি কার্যবিধির (CrPC) ১৪৪ ধারার সমতুল্য।

মিছিল বিক্ষোভে কড়াকড়ি
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বউবাজার, হেয়ার স্ট্রিট, ট্র্যাফিক হেডকোয়ার্টার্স গার্ড এলাকা, কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল-সহ মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকাতেই প্রতি বছর ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই প্রেক্ষিতেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে কোনও বেআইনি জমায়েত, মিছিল, বিক্ষোভ, অবস্থান বা ধর্না করা যাবে না। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-সহ প্রযোজ্য অন্যান্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।


