Higher secondary result
Bengal Liberty, ১৪ মে ২০২৬ :
মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার প্রকাশিত হলো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার, ১৪ মে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। (Higher secondary result) এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পাশের হার ৯১.২৩ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ, যা ছাত্রদের ৮৯.৭৪ শতাংশ পাশের হারের তুলনায় বেশি। ফলে এবারও পরীক্ষার ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকার ধারা বজায় রইল।

সেরার সেরা :
এবারের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। তিনি মোট ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে শীর্ষস্থান দখল করেছেন।
শুধু প্রথম স্থান নয়, এবারের মেধাতালিকায়ও রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীদের দাপট স্পষ্ট। প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ-সহ একাধিক রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আধিপত্য নজর কেড়েছে।

একই সঙ্গে আবারও জেলার ছাত্রছাত্রীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা প্রথম দশে জায়গা করে নিয়েছে।
দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন জিষ্ণু কুণ্ডু, ঋত্বব্রত নাথ এবং ঐতিহ্য পাচ্ছাল, প্রত্যেকেই পেয়েছেন ৪৯৫ নম্বর।
তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন দেবপ্রিয়া মাজি, সৌম্য রায়, তন্ময় মণ্ডল, শুভায়ন মণ্ডল এবং প্রীতম বল্লভ, প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৪।
চতুর্থ স্থানে রয়েছেন অরিত্র কুমার, ঘোলাম ফয়সাল, অর্কদ্যুতি ধর এবং চন্দ্রচূড় সেন (৪৯৩)।
পঞ্চম স্থানে একাধিক পরীক্ষার্থী ৪৯২ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছেন, যার মধ্যে রয়েছেন মেঘা মজুমদার, ত্রিদেব চক্রবর্তী, সৃজন পরিচা, প্রিয়াংশু মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
মেধাতালিকার প্রথম দশে একাধিক ছাত্রছাত্রীর নাম উঠে এসেছে, যা রাজ্যের শিক্ষার মান এবং প্রতিযোগিতার তীব্রতা আরও একবার প্রমাণ করল।
ফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অধ্যবসায়ের ফলই এই সাফল্য।”
প্রতি বছরের মতো এবারও ফলাফলে স্পষ্ট হয়েছে—কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। প্রতিকূলতাকে জয় করে যারা এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছে, তাদের জন্য এই ফল নিঃসন্দেহে আগামী দিনের প্রেরণা।
