CM Suvendu Adhikari
Bengal Liberty, 21 মে :
দীর্ঘ ১৩ বছরের অচলাবস্থা, আইনি জটিলতা এবং প্রশাসনিক টানাপোড়েনের অবসান (CM Suvendu Adhikari)। অবশেষে হাওড়া ও বালি পুরসভার নাগরিকদের জন্য স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই জোড়া পুরসভায় বসতে চলেছে নির্বাচিত জনপ্রতিনিধিদের বোর্ড। শুধু পুরভোটের দামামাই নয়, বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি অনুপ্রবেশ, পূর্বতন সরকারের আমলের দুর্নীতি এবং রাজনৈতিক হিংসা দমনে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

পুরভোট ও নাগরিক পরিষেবা (CM Suvendu Adhikari)
দীর্ঘদিন ধরে হাওড়া ও বালি পুরসভার সংযুক্তিকরণ-পৃথকীকরণ মামলা এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের কারণে থমকে ছিল নির্বাচন। বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, দ্রুত ওয়ার্ড বিন্যাসের কাজ শেষ করে এই বছরের মধ্যেই নির্বাচিত পুরবোর্ডের হাতে দায়িত্বভার তুলে দিতে বদ্ধপরিকর তাঁর সরকার। কারণ, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া নাগরিক পরিষেবা কখনোই তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না। একইসঙ্গে, হাওড়ার নাগরিক পরিষেবার মানোন্নয়নে জেলাশাসক ও রাজ্যের পুর সচিবের নজরদারিতে একটি বিশেষ ‘কো-অর্ডিনেশন কমিটি’ গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি।

অনুপ্রবেশ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি (CM Suvendu Adhikari)
নতুন সরকারের আমলে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে চরম কঠোর অবস্থান নেওয়া হচ্ছে, তা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কড়া নির্দেশ, সিএএ (CAA)-র আওতাভুক্ত নন এমন অবৈধ অনুপ্রবেশকারীরা হাওড়া স্টেশনে ধরা পড়লে তাঁদের আর আদালতে তোলা হবে না। বরং, বিএসএফ-এর মাধ্যমে সোজা সীমান্ত পার করে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে, তার সাপ্তাহিক রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার ফরমানও জারি করা হয়েছে। পাশাপাশি, অতীত তিক্ততা ভুলে রাজ্যের উন্নয়নের স্বার্থে রেলের সঙ্গে প্রশাসনের সুসমন্বয় গড়ে তোলার বার্তাও দিয়েছেন তিনি।

দুর্নীতি ও হিংসার তদন্তে কড়া প্রশাসন (CM Suvendu Adhikari)
এদিনের বৈঠক থেকে পূর্বতন সরকারের আমলের একাধিক অভিযোগ নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের জমানায় হওয়া রাজনৈতিক হিংসা এবং মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাগুলির পুনরায় তদন্ত ও নতুন করে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। এছাড়া, হাওড়ায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ও প্রোমোটারি চক্রের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং টিম’ (তথ্যানুসন্ধান দল) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। দুর্নীতিগ্রস্ত নির্মাতাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এদিনের বৈঠক থেকে।
