Sadhguru Suvendu Adhikari Meeting
Bengal Liberty, রিয়া গিরি: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন যোগগুরু জগ্গী বাসুদেব ওরফে সদগুরু। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে একটি স্থায়ী আশ্রম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই উদ্দেশ্যেই চলতি বছর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করতে আগ্রহী সদগুরু এমনটাই জানা গিয়েছে।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত ঈশা ফাউন্ডেশনের আশ্রম বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ও সাধক সেখানে ভিড় জমান। বিশেষ করে মহাশিবরাত্রি উপলক্ষে ঈশা ফাউন্ডেশনে বিশাল ধ্যানসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে বলিউড ও টলিউডের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিশিষ্ট মানুষেরা উপস্থিত থাকেন।

কোয়েম্বাটুর থেকে বাংলার পথে ঈশা ফাউন্ডেশন (Sadhguru Suvendu Adhikari Meeting)
সূত্রের খবর, আগামী বছরের মহাশিবরাত্রি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানাতে চান সদগুরু। এর মাধ্যমে বাংলার সঙ্গে ঈশা ফাউন্ডেশনের সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ নিয়েই তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পরিকল্পনা করছেন।
এর আগেও পশ্চিমবঙ্গে আশ্রম গড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সদগুরু। তবে তৎকালীন সরকারের আমলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তিনি।
Suvendu Adhikari: ঝড়ের মৃতদের পাশে সরকার, ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ@SuvenduWB @NisithPramanik @BJP4Bengal @bengalliberty1 #westbengal2026 #westbengalnews #suvenduadhikaribengalcm #nisithpramanik #bjpwestbengal #bengalliberty pic.twitter.com/YTdrGEdWEO
— Bengal Liberty (@bengalliberty1) May 29, 2026

সীমান্ত নিরাপত্তা নিয়েও সরব ছিলেন সদগুরু (Sadhguru Suvendu Adhikari Meeting)
শুধু আধ্যাত্মিক কর্মকাণ্ড নয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গেও একাধিকবার পূর্বতন রাজ্য সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন সভা ও অনুষ্ঠানে দেশের সীমান্ত নিরাপত্তা এবং সাংস্কৃতিক ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। রাজ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতির পর সদগুরুর এই উদ্যোগকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পশ্চিমবঙ্গে আশ্রম স্থাপনের পরিকল্পনা ভবিষ্যতে রাজ্যের আধ্যাত্মিক ও পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মত পর্যবেক্ষকদের।

