Sri Jagannath Express
Bengal Liberty, ১ জুন :
ভারতীয় রেলের ইতিহাসে আজ, সোমবার, ১ জুন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দেশের রেলপথের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা দুটি স্মরণীয় ট্রেনকে ঘিরে এদিন এক অনন্য মাইলফলকের সাক্ষী থাকবে রেলপ্রেমীরা (Sri Jagannath Express)। একদিকে পশ্চিমবঙ্গের কলকাতা ও ওডিশার পবিত্র তীর্থনগরী পুরীর মধ্যে গত পাঁচ দশক ধরে লক্ষ লক্ষ যাত্রীর আস্থার প্রতীক হয়ে ওঠা শালিমার-পুরি শ্রীজগন্নাথ এক্সপ্রেস পূর্ণ করল গৌরবময় ৫০ বছরের পথচলা। অন্যদিকে ১৯২৬ সালে যাত্রা শুরু করে প্রায় এক শতাব্দী ধরে পূর্ব ভারত থেকে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডকে একসূত্রে বেঁধে রাখা কিংবদন্তি হাওড়া-শ্রীগঙ্গানগর উদ্যান আভা তুফান এক্সপ্রেস-এর আজ শতবর্ষ। একটি এখনও ছুটে চলেছে ভক্তি, সংস্কৃতি ও পর্যটনের সেতুবন্ধন হয়ে, অন্যটি ২০২০ সালে যাত্রা থামালেও ভারতীয় রেলের সোনালি ইতিহাসে অমর হয়ে রয়েছে (Sri Jagannath Express)।

৫০ বছরে শ্রীজগন্নাথ এক্সপ্রেস (Sri Jagannath Express)
ভারতীয় রেলের অন্যতম জনপ্রিয় দূরপাল্লার ট্রেন ১৮৪০৯/১৮৪১০ শালিমার-পুরি শ্রীজগন্নাথ এক্সপ্রেস আজ ৫০ বছর পূর্ণ করল। গত পাঁচ দশক ধরে এই ট্রেন পশ্চিমবঙ্গের কলকাতা ও ওডিশার পবিত্র তীর্থক্ষেত্র পুরীর মধ্যে শুধু যাত্রী পরিবহণই করেনি, বরং দুই রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস ও মানুষের আবেগকে একসূত্রে বেঁধে রেখেছে। বিশেষ করে জগন্নাথদেবের দর্শনের উদ্দেশ্যে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত এই ট্রেনের উপর নির্ভর করেন। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও পরিষেবার পরিবর্তন এলেও শ্রীজগন্নাথ এক্সপ্রেস আজও বহু মানুষের কাছে আস্থার আরেক নাম।

শতবর্ষে উদ্যান আভা তুফান এক্সপ্রেস (Sri Jagannath Express)
আজ, ভারতীয় রেলের ইতিহাসের অন্যতম দীর্ঘ ও জনপ্রিয় ট্রেন ১৩০০৭/১৩০০৮ হাওড়া-শ্রীগঙ্গানগর-হাওড়া উদ্যান আভা তুফান এক্সপ্রেসের শতবর্ষ। ১৯২৬ সালের ১ জুন যাত্রা শুরু করেছিল এই ঐতিহাসিক ট্রেন। প্রায় এক শতাব্দী ধরে পূর্ব ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতাকে রাজস্থানের মরু শহর শ্রীগঙ্গানগরের সঙ্গে যুক্ত রেখেছিল এটি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অসংখ্য যাত্রী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও পর্যটকের ভরসা ছিল এই ট্রেন। পূর্ব রেলের অধীনে পরিচালিত এই ট্রেন শুধু একটি পরিবহণ ব্যবস্থা ছিল না, বরং ছিল এক চলমান ইতিহাস। বহু প্রজন্মের মানুষের স্মৃতি, আবেগ ও জীবনের নানা গল্প জড়িয়ে রয়েছে উদ্যান আভা তুফান এক্সপ্রেসের সঙ্গে।
তবে ২০২০ সালের ১৯ মে, কোভিড-পরবর্তী রেল পরিষেবার পুনর্বিন্যাসের সময় এই ট্রেনের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। কিন্তু ট্রেনটি বন্ধ হয়ে গেলেও তার ঐতিহ্য, জনপ্রিয়তা এবং নস্ট্যালজিয়া আজও রেলপ্রেমীদের হৃদয়ে অমলিন।


