Arup Biswas
Bengal Liberty:
অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। ধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছিল রাজ্যের বিদায়ী তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। আগামী ৫ জুনের মধ্যে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়। আজ, শতদ্রু দত্তর মেসিকাণ্ডের অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে এদিন হাজিরা এড়িয়েছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা।
গত বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার মামলায় পুলিশের হেফাজতে ছিলেন শতদ্রু দত্ত। জেল থেকে বেরিয়ে অরূপ বিশ্বাসের দিকে আঙুল তোলে শতদ্রু। কিন্তু তৎকালীন সরকারের আমলে বিষয়টি গুরুত্বহীন ছিল।

অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR
মেসিকাণ্ডে জেলে যেতে হয়েছিল অনুষ্টানের আয়োজক শতদ্রু দত্তকে। ৩৭ দিন জেল খাটার পর তার জামিন হয়। মুক্তির পর অরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাসের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেন। FIR এর ভিত্তিতে বিদায়ী ক্রীড়ামন্ত্রীকে হাজিরার পাঠানো নোটিস হয়। কিন্তু আজ, তদন্তকারীদের চিঠি পাঠিয়ে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। উপরন্তু পনেরো দিন সময় চেয়েছেন।
শতদ্রু দত্তর প্রতিক্রিয়া Arup Biswas
প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই আকস্মিক অসুস্থতা ও হাজিরা এড়ানোর ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ‘মেসিস ইন্ডিয়া ট্যুর’-এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাস তদন্ত প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ শতদ্রুর। সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করে জানায়, ” পুলিশের সমন পাওয়ার পরেই হঠাৎ শরীর খারাপ? মেডিকেল সার্টিফিকেট হয়তো কিছুটা সময় কিনে দিতে পারে, কিন্তু কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।”

বিতর্কের সূত্রপাত হয় গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, বৈধ টিকিট বা পাস ছাড়াই হাজার হাজার মানুষ স্টেডিয়ামে প্রবেশ করছিল। গ্যালারিতে অপেক্ষমান হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেনা সাধারণ দর্শকেরা মেসিকে চোখের দেখা দেখতেও ব্যর্থ হন। পরিস্থিতি চরমে পৌঁছালে মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যান। গোটা অনুষ্ঠানটি ভেস্তে যায় এবং আয়োজকদের বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। গত ১৭ মে, বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় জালিয়াতি ও তোলাবাজির মামলা দায়ের করেন শতদ্রু। মেসির ইভেন্টের প্রায় ২২,০০০ টিকিট কালোবাজারি এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছিল অনুষ্ঠান জুড়ে।
আজ, সেই মামলাতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর হাজিরা এড়ানোয় ক্ষোভ উগরে দিয়েছে শতদ্রু দত্ত। একই সঙ্গে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে।

