Bengal Bus Crisis
Bengal Liberty : ডিজেল ও পেট্রোলিয়ামের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে রাজ্যে যাত্রী পরিবহনে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে এবার নতুন সরকারের হস্তক্ষেপ চাইল ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’। সোমবার রাজ্য কমিটির বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে জেলাভিত্তিক দাবি সনদ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমেছে বাসের সংখ্যা (Bengal Bus Crisis)
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সংকটের কারণে ইতিমধ্যে বহু রুটে বাসের সংখ্যা কমে গিয়েছে। অনেক জায়গায় রোটেশন পদ্ধতিতে বাস চালানো বন্ধ রাখতে হচ্ছে। শহর, শহরতলী এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বাস কম চলায় নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।

মুখ্যমন্ত্রীর পুরনো প্রতিশ্রুতি স্মরণ (Bengal Bus Crisis)
সংগঠনের নেতারা জানান, নতুন সরকার গঠনের পর তাঁরা পরিবহন দফতরের প্রধান সচিবের সঙ্গে দেখা করে লিখিত স্মারকলিপি দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনিও রাজ্যে তেলের ওপর সেস কমানোর দাবি তুলেছিলেন। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই এবার নতুন সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বাস মালিকরা।

বাস মালিকদের প্রধান দাবি (Bengal Bus Crisis)
যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের কাছে মূলত দুটি দাবি জানানো হয়েছে।সাময়িক স্বস্তির জন্য ডিজেলের ওপর থেকে অবিলম্বে সেস কমাতে হবে। দিল্লি-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি অনেক আগেই এই পদক্ষেপ করেছে। পরিবহন কর্মীদের কাজ সুনিশ্চিত করতে হবে। বাসের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে স্থায়ী সমাধান সূত্র খুঁজতে হবে।
বাস মালিকদের আশা, এই সহানুভূতিশীল নতুন সরকার দ্রুত সদর্থক পদক্ষেপ করবে। এই দাবি পূরণের পর আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

