ICC Cricket World Cup 2027
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : রাত পোহালেই ফিফা বিশ্বকাপের শুভ সূচনা।(ICC Cricket World Cup 2027) ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে আয়োজক দেশ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে “দ্য গ্রেটেস্ট শো অন আর্থ”। ফুটবল বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার মাঝেই বেজে গেল ক্রিকেট বিশ্বকাপের দামামাও। ২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের তারিখ, ফরম্যাট এবং তিনটি আয়োজক দেশের নাম প্রকাশ্যে আসায় এখন দুই বিশ্বকাপকে কেন্দ্র করেই কাঁপছে গোটা ক্রীড়াবিশ্ব।
ফিরছে সেই পুরোনো ফরম্যাট(ICC Cricket World Cup 2027)
আগামী বছরের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। মোট ১৪টি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এর ফলে ২০০৩ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের এই মহাকার্নিভাল।

এবারের আসরে মোট ম্যাচের সংখ্যা ৫৪টি। প্রধান আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায় খেলা হবে ৪১টি ম্যাচ, জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০টি ম্যাচ এবং নামিবিয়ায় হবে ৩টি ম্যাচ। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বের পরিবর্তে ১৯৯২ সালের মতো সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়েছিল, যেখান থেকে সরাসরি চারটি দল সেমিফাইনালে পৌঁছাত। তবে আইসিসি এবার সিদ্ধান্ত বদলে আবারও পুরোনো গ্রুপ ফরম্যাটে ফিরে যাচ্ছে। এর ফলে দলের সংখ্যা যেমন বাড়বে, তেমনি সহযোগী দেশগুলোও অংশগ্রহণের সুযোগ পাবে।
১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতিটি গ্রুপে থাকবে ৭টি করে দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল নিয়ে গঠিত হবে ‘সুপার সিক্স’। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে। অর্থাৎ, ঠিক ২০০৩ সালের ফরম্যাটেই সাজানো হয়েছে এবারের বিশ্বকাপের রূপরেখা।
২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত। বিশ্বকাপ জেতার স্বপ্ন চুরমার হয়েছিল রোহিত-বিরাটদের। আগামী বিশ্বকাপে কি ভারতীয় দল ফের বিশ্বজয়ের স্বাদ পাবে? নাকি অপেক্ষা করছে নতুন কোনো চমক? সেই দিকেই অধীর আগ্রহে নজর থাকবে কোটি কোটি ভারতীয় সমর্থকের।

আরো পড়ুন:- Basirhat Arms Seizure: বসিরহাটের পুকুরে অস্ত্র-ভাণ্ডার, এসটিএফ-এর বড় সাফল্য

