Bihar election
Bengal Liberty: বিহারের বিধানসভা নির্বাচনের আগে এনডিএ সরকারের ‘জীবিকা দিদি’ প্রকল্পকে নিশানা করে বুধবার বড় ঘোষণা করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর ঘোষণা— আরজেডি সরকার ক্ষমতায় এলে জীবিকা দিদি প্রকল্পের উপভোক্তাদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এমনকী বেতন বাড়িয়ে মাসিক ৩০ হাজার টাকা করে প্রকল্পের অধীনস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হবে।

তেজস্বীর প্রতিশ্রুতি, (Bihar election)
পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী বলেন, “বর্তমান সরকার জীবিকা দিদিদের প্রতি অবিচার করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাঁদের স্থায়ীকর্মী ও সরকারি কর্মচারীর মর্যাদা দেব। উপভোক্তাদের এই দাবি অনেক পুরোনো।” একইসঙ্গে তাঁর আরও ঘোষণা, জীবিকা দিদিদের বর্তমান ঋণের সুদ মকুব করা হবে। এমনকী আগামী দুই বছর পর্যন্ত সুদবিহীন ঋণের মতো বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রত্যেক জীবিকা দিদিকে মাসিক ২ হাজার টাকার অতিরিক্ত ভাতা ও ৫ লক্ষ টাকার বিমা সুবিধা দেওয়া হবে। নির্বাচনী অবহে তেজস্বীর এই প্রতিশ্রুতি সরাসরি এনডিএ সরকারের বিরুদ্ধে আরজেডির নতুন নির্বাচনী অস্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
এখানেই শেষ নয়, তেজস্বির আরও প্রতিশ্রুতি—রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী সরকারি চাকরি দেওয়া। তাঁদের ওপর থেকে বেসরকারি সংস্থার নির্ভরতা শেষ হবে। সেইসঙ্গে তিনি, চুক্তিভিত্তিক কর্মীদের মানসিক, শারীরিক ও আর্থিকভাবে শোষণের শিকারের প্রসঙ্গও তুলে ধরেন বলেন,”প্রতিমাসে তাঁদের বেতনের ১৮ শতাংশ জিএসটি কেটে নেওয়া হয়, মহিলা কর্মীরা ছুটিও পান না—এসব বদলাবে,”ভোটের আগে এভাবেই শ্রমিক সমাজের সেন্টিমেন্টকে কাজে লাগাতে চাইছে তেজস্বী। তেমনটাই রাজনৈতিক মহলের একাংশদের বক্তব্য।
জীবিকা দিদি যোজনা কী? (Bihar election)
‘জীবিকা’ হল বিশ্বব্যাঙ্ক-সহায়িত একটি সরকারি প্রকল্প। যার মূল লক্ষ্য গ্রামীণ মহিলাদের সামাজিক ও আর্থিক ক্ষমতায়ন। এই প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলারাই ‘জীবিকা দিদি’ নামে পরিচিত।
