Kalyan Bandopadhyay
Bengal Liberty: কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী তথা সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ফোন করলেন সিআইডির এক আধিকারিক। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদককে চিঠি দিলেন তিনি। একজন আইনজীবী আদালতে যে মামলা লড়ছেন, সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ তাঁকে কীভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, তা নিয়ে বড়সড় আইনি ও নৈতিক প্রশ্ন তুলেছেন তিনি।

পুরো ঘটনাটি কী? (Kalyan Bandopadhyay)
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বার অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি বর্তমানে হাইকোর্টে বিধানসভার বিরোধী দলনেতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা লড়ছেন। এই মামলার সঙ্গে যুক্ত বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে হরে স্ট্রিট থানায় একটি মামলা রুজু হয়েছিল, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে। এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফৌজদারি মামলাতেও তিনি আইনজীবী হিসেবে সওয়াল করছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পার্থ ভট্টাচার্য নামে সিআইডির এক আধিকারিক তাঁকে ফোন করে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান।

আইনজীবীর আপত্তি (Kalyan Bandopadhyay)
চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি আদালতে মামলা লড়ছেন, তাঁকে পুলিশ সরাসরি এভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে না। তিনি এটিকে আইনজীবীর মর্যাদা, সম্মান এবং বিশেষ অধিকারের পরিপন্থী বলে দাবি করেছেন। তিনি মনে করেন, আইনি লড়াইয়ের বিষয়বস্তু নিয়ে আইনজীবীকেই যদি পুলিশের জেরার মুখে পড়তে হয়, তবে তা পেশাগত স্বাধীনতার ওপর আঘাত।
বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বিষয়টি তিনি সম্পাদককে জানিয়েছেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। আদালত চত্বরে আইনজীবীর অধিকার রক্ষা এবং তাঁর সম্মান রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর রয়েছে বার অ্যাসোসিয়েশনের।


