Purba Medinipur Zilla Parishad
Bengal Liberty: রাজ্যে সরকার পরিবর্তনের মাত্র এক মাসের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তৈরি হলো এক নজিরবিহীন রাজনৈতিক টানাপড়েন। গত শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং সহ-সভাধিপতি সুহাসিনী কর আনুষ্ঠানিকভাবে তাঁদের নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সভাধিপতি উত্তম বারিক মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে এবং সহ-সভাধিপতি সুহাসিনী কর জেলা পরিষদের সুপারিন্টেন্ডেন্টের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ইস্তফার কারণ (Purba Medinipur Zilla Parishad)
বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি ও নৈতিক পরাজয় স্বীকার করেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন উত্তম বারিক। অন্যদিকে, সুহাসিনী কর তাঁর শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের কথা জানিয়েছেন। এই পদত্যাগের ফলে ৭০ আসনের জেলা পরিষদে তৃণমূলের কার্যকর সদস্য সংখ্যা ৫৪-তে নেমে এসেছে এবং বিজেপির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪। জেলা পরিষদের অন্দরে বর্তমানে এক ধরনের অভিভাবকহীন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

সোমবারের নির্বাচন (Purba Medinipur Zilla Parishad)
এই পরিস্থিতিতে জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতির কার্যালয়ে আকস্মিক শূন্যপদ পূরণের জন্য নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।নোটিস অনুযায়ী, আগামী ২২ জুন, সোমবার সকাল ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। মেদিনীপুর ডিভিশনের কমিশনারের গত ১১ জুনের নির্দেশানুযায়ী এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে

রাজনৈতিক প্রতিক্রিয়া (Purba Medinipur Zilla Parishad)
তৃণমূলের অন্দরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত জানিয়েছেন, পুরো নির্বাচন প্রক্রিয়া আইনি ও সাংবিধানিক নিয়ম মেনেই সম্পন্ন হবে। তিনি আরও জানান, সরকারের উন্নয়ন যাতে গ্রামে গ্রামে পৌঁছায়, সেজন্য সরকারের সঙ্গে সহমত পোষণ করা প্রয়োজন।


