Brazil Vs Japan
Bengal Liberty
নকআউট পর্বের সব থেকে(Brazil Vs Japan) রুদ্ধশ্বাস, স্মরণীয় ম্যাচের সাক্ষী রইলেন কোটি কোটি ফুটবলপ্রেমী। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এই বিশ্বকাপের সেরা ম্যাচগুলির মধ্যে একটি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে এশিয়ান পাওয়ারহাউস জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছালো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।


এই ম্যাচের মধ্যে সব কিছুই ছিল, যা ফুটবল দর্শকরা উপভোগ করতে চান। শেষ পর্যন্ত দুই দল দুর্দান্ত লড়াই করে বুঝিয়ে দিয়েছে, কতটা গুরুত্বপূর্ণ এবারের বিশ্বকাপ। শেষ মুহূর্তের নাটকীয় গোলের জোরেই ব্রাজিল বিশ্বকাপ জেতার আরও এক ধাপ এগোল।
প্রথমার্ধে সানোর গোলে এগিয়ে জাপান(Brazil Vs Japan)
নকআউট পর্বের ব্রাজিল বনাম জাপান ম্যাচে দর্শকদের মধ্যে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়েছিল। নেইমারকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ব্রাজিল। মানব প্রাচীর জাপানের কাছে রীতিমতো প্রবল চাপে ছিল ব্রাজিল। তার মধ্যেই ২৯ মিনিটে ক্যাসিমিরোর ভুল পাসের কারণে সানোর চমৎকার গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তখন মনে হচ্ছিল, এবার হয়তো নকআউটের দুঃস্বপ্ন কাটবে। ১-০ স্কোরলাইন দিয়েই শেষ হল প্রথমার্ধের রাজকীয় খেলা।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের জয়জয়কার(Brazil Vs Japan)
১-০ গোলে পিছিয়ে থেকেও হিউস্টন স্টেডিয়ামসহ কোটি কোটি ব্রাজিল সমর্থক জয়ের স্বপ্ন দেখছিলেন। তাই বিরতির পরেই নিজের ভুল শুধরে নিয়ে হেডের সাহায্যে ৫৬ মিনিটে গোল করলেন ক্যাসিমিরো। মানব প্রাচীর জাপানের গোলরক্ষক সুজুকিকে পরাস্ত করে আত্মবিশ্বাসে ফুটছিল ব্রাজিল।

তারপর থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে একটু হলেও খেলা থেকে বেরিয়ে গিয়েছিল জাপান। যখন মনে হচ্ছিল, খেলা হয়তো অতিরিক্ত সময়ের দিকে গড়াবে, ঠিক তখনই সুযোগকে কাজে লাগিয়ে চমৎকার গোলের সাহায্যে যোগ করা সময়ে গোল করলেন মার্তিনেলি। জাপানের দুঃস্বপ্ন আর কাটল না। গতবারের বিশ্বকাপেও বেলজিয়ামের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ৩-২ গোলে হারতে হয়েছিল জাপান কে।
শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় প্রবেশ করল সাম্বার দেশ ব্রাজিল। এবারের বিশ্বকাপে কি পাঁচ তারার সঙ্গে যুক্ত হবে ষষ্ঠ তারা? সেই মুহূর্তের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।


