Weather Alert
Bengal Liberty : জুলাই মাসের শুরুতেই বদলে গেল বাংলার আবহাওয়ার ছবি। পূর্বাভাস মতোই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি (Weather Alert)। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ, নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বজায় থাকবে ভারী বৃষ্টির দাপট। একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাবে। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলা-সহ বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।



