Bengal Liberty: শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আদালত তাঁকে আগামী ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ ও বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে (Aparupa Poddar)।
প্রসঙ্গত, গত ৩০ জুন আরামবাগের প্রাক্তন তৃণমূল নেতা শাকির আলিকে এনআইএ (NIA) গ্রেফতার করার দিন পুলিশের কাজে বাধা দেওয়াসহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। পরে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত দিনে তিনি উপস্থিত হননি। এরপর তাঁর বিরুদ্ধে আরও কিছু জামিন-অযোগ্য ধারা যুক্ত করা হয়।

৩০ সেপ্টেম্বর ময়ূখ ভবনের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ (Aparupa Poddar)
গত শুক্রবার অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা। প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। থানা থেকে বেরোনোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং টোটো করে বাড়ি ফিরে যান। সেদিন সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।
আরও খবর
শনিবার আদালতে জামিন মঞ্জুর হওয়ার পরও অপরূপা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তাঁর আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর বিশেষ আদালতে হাজিরা দেবেন তাঁর মক্কেল। তিনি বলেন, “পুলিশ তাদের কাজ করবে, আমরা আইনের পথে লড়াই চালিয়ে যাব।”
অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্যই অপরূপাকে ডাকা হয়েছিল। ঘটনার দিন সেখানে কারা উপস্থিত ছিলেন, সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও জানান তিনি।



