Baruipur Case
Bengal Liberty:
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার সকালে পুলিশি ব্যারিকেড সরতেই বারুইপুরের উদ্দেশে রওনা দিল তৃণমূলের প্রতিনিধি দল (Baruipur Case)। এই প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় এবং অনিতা কর।

বারুইপুরের উদ্দেশে রওনা দিল তৃণমূলের প্রতিনিধি দল
রবিবার সকালে নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেহ আটকে বিক্ষোভ ও এক অভিযুক্তকে গণপিটুনির জেরে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে তাঁর কালীঘাটের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁকে বারুইপুরে যেতে বাধা দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সোমবার সকালে অতিরিক্ত বাহিনী সরিয়ে নেওয়া হলে কালীঘাটে তাঁর জন্য নির্ধারিত স্বাভাবিক নিরাপত্তাই দেখা যায়। এরপরই বারুইপুরের উদ্দেশে রওনা দেয় তৃণমূলের প্রতিনিধি দল।
অন্যদিকে, বারুইপুরের ঘটনার তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ধর্ষণ ও খুনের ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করা হলো। এছাড়াও আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

