Atin Ghosh
Bengal Liberty:
জমি দুর্নীতির মামলায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অতীন ঘোষ (Atin Ghosh)। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন করেন তিনি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন। আবেদনটি গ্রহণ করেছে আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত এই মামলায় ইতিমধ্যেই অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির মধ্যেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেন তৃণমূল নেতা।

বিচারপতির মতামত
এই মামলার বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, ” অনেক সাধারণ মানুষ তাদের মামলা শুনতে পারছে না এই ধরণের মামলার জন্য। ” অভিযোগের সূত্রপাত হয় এক ব্যবসায়ীর লিখিত অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগকারীর দাবি, তাঁর বাড়ি-সহ জমি জোরপূর্বক বাজারদরের তুলনায় অনেক কম দামে হাতিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। অভিযোগে অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে ও জামাইয়ের নামও উল্লেখ করা হয়েছে। প্রথমে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হলেও পরে মামলাটি বিধাননগর উত্তর থানায় স্থানান্তরিত হয়। বর্তমানে সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
অভিযোগের বিষয় নিয়ে অতীন ঘোষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার পরবর্তী শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।

