Government Buses
Bengal Liberty: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একাধিক বদলের সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গ। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সরকারি বাসের রং। ভবিষ্যতে রাজ্যের সমস্ত সরকারি বাস গেরুয়া রঙে রাঙানো হবে বলে ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
ইতিমধ্যেই গেরুয়া রঙের সরকারি বাসের কয়েকটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবি ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। সরকার বদলের সঙ্গে সঙ্গে সরকারি বাসের রং পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে নানা মতামত সামনে আসছে।

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে পরিবহণমন্ত্রী বলেন, “লাল রং বিপদের প্রতীক, নীল-সাদা চুরির প্রতীক। গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী, তাই দেশের কথা ভেবে ত্যাগের প্রতীক গেরুয়া রংকেই বেছে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে রাজ্যের সমস্ত সরকারি বাসের রং গেরুয়াই হবে।
বাম আমলে সরকারি বাসে লাল রঙের প্রাধান্য ছিল। পরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অন্যান্য সরকারি সম্পত্তির মতো বাসেও নীল-সাদা রং দেখা যায়। এবার বিজেপি সরকারের আমলে সরকারি বাসে গেরুয়া রং আনার সিদ্ধান্তকে সেই রাজনৈতিক পালাবদলেরই নতুন প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

তবে এই ঘোষণাকে কেন্দ্র করে বিতর্কও শুরু হয়েছে। একাংশের মতে, বাসের রং পরিবর্তনের বদলে গণপরিবহণের মানোন্নয়ন, নতুন বাস সংযোজন, সময়ানুবর্তিতা এবং যাত্রী পরিষেবার উন্নতির দিকেই সরকারের বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাঁদের দাবি, সাধারণ মানুষের কাছে পরিষেবার গুণগত মানই বেশি গুরুত্বপূর্ণ, বাসের রং নয়।

