Kolkata Police:
Bengal Liberty
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কলকাতা পুলিশের নিয়মিত থানায় ফের দুই মহিলা অফিসারকে অফিসার-ইন-চার্জ (ওসি) পদে নিয়োগ করা হয়েছে। কলকাতা পুলিশের সাম্প্রতিক রদবদলে সরশুনা থানার নতুন ওসি করা হয়েছে রূপা সিংকে। এর আগে তিনি টালিগঞ্জ মহিলা থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে, চামেলি মুখোপাধ্যায়কে সিঁথি থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এতদিন উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। নির্বাচনের আগে কিছুদিনের জন্য তাঁকে ভবানীপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হলেও পরে সেই সিদ্ধান্ত বদলে যায়। এবার তাঁকেই সিঁথি থানার মতো গুরুত্বপূর্ণ নিয়মিত থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

থানায় মহিলা ওসি নিয়োগ
উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কলকাতা পুলিশের নিয়মিত থানায় একসঙ্গে দুই মহিলা অফিসারকে ওসি পদে নিয়োগ করা হলো। এর আগে শেষবার ২০১০ সালে দেবাশ্রী চট্টোপাধ্যায় নর্থ পোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর দীর্ঘ ১৫ বছর নিয়মিত থানার ওসি পদে কোনো মহিলা অফিসার ছিলেন না।
এর পাশাপাশি রাজ্য সরকার নারী নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি থানায় বিশেষ মহিলা স্কোয়াড গঠনের উদ্যোগ নিয়েছে। প্রশাসনের মতে, এই পদক্ষেপ সরকারের নির্বাচনী ইস্তাহারে উল্লেখিত প্রতিশ্রুতিরই অংশ।

প্রশাসনের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু সংক্রান্ত অভিযোগে দ্রুত পদক্ষেপ এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দুই মহিলা অফিসারকে নিয়মিত থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া এবং মহিলা স্কোয়াড গঠনের উদ্যোগ—এই দুই পদক্ষেপকে নারী নিরাপত্তা ও নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবে তুলে ধরছে সরকার।

দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান হিসেবে পরিচিত পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে মহিলাদের আরও বেশি সুযোগ দেওয়ার এই সিদ্ধান্ত প্রশাসনিক ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য, মহিলাদের কেবল নিরাপত্তাই দেওয়া নয়, প্রশাসনের নেতৃত্বের আসনেও তাঁদের আরও বেশি করে তুলে আনা।

