Kalighat Trinamool
Bengal Liberty:
কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের সীমিত অনুমতি মিললেও, নতুন করে চাপে পড়েছে কালীঘাট তৃণমূল (Kalighat Trinamool)। তদন্তের স্বার্থে পুলিশ আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর ফলে এখন পর্যন্ত মোট ১৫টি অ্যাকাউন্টে লেনদেন স্থগিত হয়েছে।

স্থগিত অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ Kalighat Trinamool
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে আইনি প্রক্রিয়া মেনে আবেদন জানানোর পরেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই ১৫টি অ্যাকাউন্টে মোট এক হাজার কোটিরও বেশি টাকা জমা রয়েছে। ইতিমধ্যেই নতুন করে ফ্রিজ হওয়া ১২টি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত নথি ও হিসাবপত্র চেয়ে নোটিস পাঠানো হয়েছে।

এর আগে ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। হাইকোর্ট দৈনন্দিন সাংগঠনিক ব্যয়ের জন্য ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দিয়েছে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর তত্ত্বাবধানে অ্যাকাউন্টগুলির আয়-ব্যয়ের হিসাব পরিচালিত হবে।

এদিকে, এই অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঋতব্রত শিবির। পাশাপাশি, সন্দেহজনক লেনদেনের সূত্র ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির ওপর নজরদারি চালাচ্ছে।

