Bankra Mosque
Bengal Liberty : রানওয়ের মাত্র ১৬৫ মিটার দূরে ঐতিহ্যবাহী মসজিদ, ঘটনাস্থলে বিজেপি বিধায়ক সৌরভ সিকদার নিরাপত্তার স্বার্থে কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদে সাধারণ মানুষের প্রবেশ এবং নামাজ পড়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ায় বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া এলাকায় (Bankra Mosque)। এই খবর ছড়িয়ে পড়তেই যশোর রোড লাগোয়া এলাকায় বহু মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার (Bankra Mosque)।

নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা (Bankra Mosque)
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দ্বিতীয় রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত এই মসজিদটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনার আওতায় ছিল। এতদিন বাঁকড়া এলাকার বাসিন্দারা পরিচয়পত্র দেখিয়ে বিশেষ অনুমতিতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে সেখানে নামাজ পড়তে পারতেন। তবে শনিবার থেকে সেই অনুমতি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশের দাবি, এই সিদ্ধান্ত সম্পর্কে তাঁদের আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। শনিবার সকালে নিয়মমাফিক নামাজ পড়তে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁরা এই সমস্যার দ্রুত সমাধানের আশাও প্রকাশ করেন। একইসঙ্গে তাঁরা জানান, এতদিন শুধুমাত্র বাঁকড়া এলাকার নির্দিষ্ট বাসিন্দারাই পরিচয়পত্র দেখিয়ে ওই মসজিদে প্রবেশের অনুমতি পেতেন।

বিধায়কের বক্তব্য (Bankra Mosque)
বিধায়ক সৌরভ সিকদার বলেন, “কলকাতা বিমানবন্দর একটি অত্যন্ত স্পর্শকাতর পরিকাঠামো। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ বহু ভিভিআইপি এই বিমানবন্দর ব্যবহার করেন।” তাঁর দাবি, রানওয়ের এত কাছে সাধারণ মানুষের নিয়মিত যাতায়াত নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ। পাশাপাশি রানওয়ে সংস্কার ও ভবিষ্যতের সম্প্রসারণের কাজেও এই অবস্থান প্রতিবন্ধকতা তৈরি করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে মসজিদটিকে বিমানবন্দরের সীমানার বাইরে স্থানান্তরের প্রস্তাব বিবেচনা করছে বলেও তিনি জানান। সৌরভ সিকদার আরও বলেন, বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অবৈধ পরিচয়পত্র ও অনুপ্রবেশের অভিযোগ নিয়েও বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। তাঁর বক্তব্য, নিরাপত্তার ঝুঁকি এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবেশের নিয়ম আরও কঠোর করেছে। তবে তিনি সকলকে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন; আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


