Weather Alert
Bengal Liberty : রথযাত্রার দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। উৎসবের আবহে এবার বড় চিন্তার কারণ আবহাওয়া (Weather Alert)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। তার জেরেই বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা, অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। ফলে রথযাত্রার আনন্দের মাঝেই আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের প্রধান আকর্ষণই বৃষ্টি। সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও বিকেলের পর থেকেই পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক জায়গায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।আবহাওয়া দফতরের মতে, এই নিম্নচাপের প্রভাব ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে। ফলে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব থাকবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। তবে পাহাড়ে গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাস্তার অবস্থা অনেক জায়গায় খারাপ। নতুন করে বৃষ্টি হলে ধস নামার আশঙ্কা বাড়তে পারে।


