Bengal Liberty: রথযাত্রার আনন্দঘন উৎসবে আচমকাই বিষাদের সুর (Rath Yatra)। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রথের চূড়া হাই-টেনশন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলেন অন্তত ২৫ জন পুণ্যার্থী। অন্যদিকে, একই দিনে পুরীর রথযাত্রায় উপচে পড়া ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন।

নন্দীগ্রামের দুর্ঘটনা (Rath Yatra)
বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তেখালি বাজার এলাকায় রথ টানার সময় এই মর্মান্তিক বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রথটি এগিয়ে যাওয়ার সময় সেটির চূড়া ওপর দিয়ে যাওয়া একটি হাই-টেনশন বিদ্যুতের তারে স্পর্শ করে। লোহার কাঠামো থাকায় মুহূর্তের মধ্যে পুরো রথটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। সেই সময় রথের দড়ি ধরে থাকা এবং কাঠামো স্পর্শ করে থাকা অন্তত ২৫ জন পুণ্যার্থী গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর ১৫ জনকে ছেড়ে দেওয়া হলেও, বাকি ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁরা এখনও চিকিৎসাধীন। স্থানীয়দের অনুমান, সারাদিন বৃষ্টির কারণে রথটি ভিজে থাকায় বিদ্যুতের তীব্রতা আরও বেশি ছিল, যার ফলেই এই দুর্ঘটনা।

পুরীতে বিপর্যয় (Rath Yatra)
অন্য দিকে, মহাপ্রভু জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ওড়িশার পুরীতে এবার রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। এই বিপুল জনসমুদ্রের চাপে তৈরি হওয়া বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে শতাধিক মানুষ আহত হন। তীব্র ভিড়ে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সি এক বৃদ্ধসহ মোট ২ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে।

