CM Suvendu Adhikari
Bengal Liberty:
লেভেল ক্রসিংয়ে স্কুলপড়ুয়াদের পুলকারে ট্রেনের ধাক্কার ঘটনায় ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় রেল (School Van Accident)। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তদন্ত শুরু হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, প্রাথমিক তদন্তে সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ধরা পড়েনি। সিগন্যাল মেনেই ডাউন নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি লাইনে প্রবেশ করেছিল। তদন্তের প্রাথমিক পর্যায়ে ইন্টারলকিং গেট পরিচালনায় নিযুক্ত গেটম্যান ও সুপারভাইজারের গাফিলতির অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে দু’জনকেই সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। বহরমপুর থানার পুলিশ অভিযুক্ত গেটম্যানকে আটক করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করতেই ১০ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ School Van Accident
রেল কর্তৃপক্ষ নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে। মৃতরা হলেন জেসিকা ইয়াসমিন (৯), ফারহানা সুলতানা (৬) এবং জামশেদ আলি (৬৫)। আরও একজনের মৃত্যুর খবর মিললেও তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তমন্না, ঈশান, আনিশা এবং স্কুল ভ্যানের চালক মোশারফ হোসেন। তাঁদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রাখছেন।

দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ও অবরোধের কারণে আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কাটোয়া স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেল ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

