Bengal Liberty
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। প্রবল বর্ষণ, ভূমিধস ও জলাবদ্ধতার জেরে রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ (Kerala Flood)। আহত হয়েছেন ১৩ জন। এখনও ৮ জনের কোনও সন্ধান মেলেনি বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সথীসন। সূত্রের খবর, প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ২৭টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ১৯৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তার স্বার্থে রাজ্যজুড়ে ২০৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে মোট ৫,৭৯২ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বন্যা ও ভূমিধসের আশঙ্কা
তবে, রবিবার কেরলে আরও ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েক দিনের লাগাতার দুর্যোগে রাজ্যের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। জলমগ্ন একাধিক এলাকা। ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভূমিধস, কাদাধস ও জলাবদ্ধতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কেরলের ১২টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় আবহাওয়া দফতর এই ঘোষণা করেছেন। আবহাওয়া দফতর সূত্রের খবর, প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, ভূমিধস, কাদাধস এবং রাস্তা ও আবাসিক এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে।

অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশূর, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়, কন্নুর এবং কাসারগোড় জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট।
আরও খবর

এলাকাবাসীর প্রতি কড়া নজরদারি চালাচ্ছে রাজ্যের প্রশাসন। দুর্যোগপ্রবণ এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।


