Bengal Liberty:
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক হয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। এবার থেকে নিয়মিত বুলেটপ্রুফ গাড়িতে সফর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের অভিযোগে ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদে মুখ্যমন্ত্রীকে টার্গেট করার ছকের তথ্য সামনে আসার পর তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেই আবহেই রবিবার থেকে প্রথমবারের মতো নিয়মিত বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার শুরু করলেন তিনি।

Suvendu Adhikari
রবিবার বিকেলে কাঁথির শান্তিকুঞ্জের বাসভবন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় তাঁকে বুলেটপ্রুফ গাড়িতে উঠতে দেখা যায়। এতদিন তাঁর কনভয়ে একটি বুলেটপ্রুফ গাড়ি থাকলেও তিনি ব্যক্তিগতভাবে সেটি ব্যবহার করতেন না। সাধারণ গাড়িতেই যাতায়াত করতেন মুখ্যমন্ত্রী।
আরও খবর
গোয়েন্দা সতর্কতার পর নিরাপত্তা আরও জোরদার
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ নিহত হওয়ার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা নিরাপত্তার স্বার্থে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দেন। সেই সময় থেকেই কনভয়ে বুলেটপ্রুফ গাড়ি রাখা হলেও তিনি তা ব্যবহার করেননি।
Suvendu Adhikari
সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর তদন্তে উঠে আসে, মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল এবং তাঁকে টার্গেট করার পরিকল্পনাও করা হয়েছিল বলে অভিযোগ STF-এর। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের তরফে তাঁর নিরাপত্তা আরও জোরদার করার সুপারিশ করা হয়।

কনভয়ে বাড়ল আধুনিক সুরক্ষা ব্যবস্থা Suvendu Adhikari
প্রশাসনিক সূত্রে খবর, সেই সুপারিশ মেনেই এবার থেকে মুখ্যমন্ত্রী নিয়মিত বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন। পাশাপাশি তাঁর নিরাপত্তা বলয়ও আরও শক্তিশালী করা হয়েছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং আগেই জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কনভয়ে বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, জ্যামার এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
Suvendu Adhikari
এদিকে ধৃত হামিম মণ্ডলকে ঘিরে তদন্ত এখনও চলছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনার আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। প্রশাসনিক সূত্রের দাবি, তাঁর সফরসূচি ও যাতায়াতে এখন থেকে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।

আরও পড়ুনঃ বিমল গুরুংয়ের গলায় ফের গোর্খাল্যান্ডের সুর, ঐক্যবদ্ধ পাহাড়ের রাজনৈতিক দলগুলি


