Bengal Liberty
ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন(Atiq Ahmed) কুখ্যাত মাফিয়া নেতা আতিক আহমেদের কনিষ্ঠ পুত্র আবান আহমেদ। উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় ঝাঁসি-কানপুর জাতীয় সড়কের পুঞ্চ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আবান ছাড়াও তাঁর এক সঙ্গীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে বিপত্তি(Atiq Ahmed)
পুলিশ সূত্রে খবর , বুধবার গভীর রাতে পুঞ্চ এলাকার খিল্লি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি এসইউভিতে করে পাঁচজন কানপুর থেকে ঝাঁসির দিকে যাচ্ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় আচমকা রাস্তার মাঝখানে গবাদি পশু চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সজোরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে এসইউভিটির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবান আহমেদ এবং তাঁর সঙ্গী সোনুর। বাকি তিন আরোহী গুরুতর আহত হন।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রয়াগরাজ থেকে ঝাঁসি জেলা কারাগারে বন্দি বড় ভাই আলি আহমেদের সঙ্গে দেখা করতেই যাচ্ছিলেন আবান। তাঁর সঙ্গে ছিলেন আরও চারজন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মৃতদের পরিচয় এবং দুর্ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর



