Bengal Liberty : কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটেই প্রকাশ্যে বকেয়ার তালিকা (KMC)। বিজ্ঞাপন বাবদ শহরের পরিচিত হোর্ডিং সংস্থা অরুণ সাইন সার্ভিসেসের কাছে কর্পোরেশনের পাওনা ৩৪ লক্ষ ৯৬ হাজার ৬৪৭ টাকা। কর্পোরেশনের এই বিপুল অঙ্কের বকেয়া না মিটিয়েও শহরে দিব্যি ব্যবসা করে চলেছে অরুণ সাইন (KMC)।

বকেয়া নিয়ে কর্পোরেশনের অভিযোগ (KMC)
কেএমসি-র এক পদস্থ আধিকারিক জানান, নিয়ম মেনে সমস্ত হোর্ডিং এজেন্সিকে বিল পাঠানো হয়। কিন্তু “বারবার নানা অজুহাত” দেখিয়ে তারা কর দিতে চায় না। অনেক সময় আদালতের দ্বারস্থ হয়ে স্থগিতাদেশ নিয়ে এসে বছরের পর বছর ব্যবসা চালিয়ে যায়। “কর্পোরেশনের বিজ্ঞাপন দফতর এখন দুর্নীতির আখড়া। মেয়র থেকে গ্রুপ-ডি কর্মী পর্যন্ত সবাই এই অসৎ ব্যবসার কথা জানেন,” বলেন ওই আধিকারিক।
রাজনৈতিক পালাবদলের অভিযোগ (KMC)
ওই আধিকারিকের আরও দাবি, রাজ্যে বিজেপি সরকার আসার পর তৃণমূল জমানায় দুর্নীতির সঙ্গে যুক্ত হোর্ডিং ব্যবসায়ীরা এখন বিজেপি নেতাদের সঙ্গে ‘সেটিং’ করতে দৌড়ঝাঁপ করছেন। তবে এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ ব্যবস্থা নিতে পারেননি বলেও দাবি তাঁর।
আরও খবর

অরুণ সাইনের কারবার (KMC )
অরুণ সাইনের ‘তপন আর্ট সেন্টার’ নামে আরও একটি সংস্থা রয়েছে। ইডেন গার্ডেন্সে খেলা চলাকালীন বিজ্ঞাপন এবং দুর্গাপুজোর সময়ে রাস্তাজুড়ে ব্যানার লাগানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তাদের একচেটিয়া কারবার রয়েছে বলে অভিযোগ। কর না দেওয়ার অভিযোগে মাঝেমধ্যে তাদের ব্যানার কেটে দেওয়া হয়। পুজোর সময়ে কর না দিয়ে ব্যানার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগও রয়েছে। তখন পুজো কমিটির সদস্যরা এসে সেই ব্যানার ছিঁড়ে দেন বলে দাবি।

সন্তোষ মিত্র স্কোয়ারের সঙ্গে ‘গাঁটছড়া’ (KMC)
এ বছর অরুণ সাইন স্পনসরশিপের জন্য হাত মিলিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের সঙ্গে। লেবুতলা পার্কের পুজো নামে পরিচিত এই পুজোর মূল উদ্যোক্তা বরানগরের বিজেপি বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সজল ঘোষ। বিশেষজ্ঞ মহলের মতে, কর ফাঁকির অভিযোগ রয়েছে এমন কোনও সংস্থাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত নয়। “একবার শাসক দলের ঘনিষ্ঠ হয়ে গেলে এরা আবার পুরনো জমানার মতো অন্যায় করে পার পেয়ে যাবে,” বলছেন এক প্রাক্তন কেএমসি কর্তা। এ বিষয়ে সজল ঘোষকে ফোন করা হলে তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপেও কোনও উত্তর মেলেনি। অরুণ সাইনের কর্ণধার রাহুল বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। কেএমসি সূত্রে খবর, বকেয়া আদায়ে আইনি পদক্ষেপের পাশাপাশি ডিফল্টার এজেন্সিগুলির বিজ্ঞাপনের অনুমতিও খতিয়ে দেখা হতে পারে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/12/slst-recruitment/


