Bengal Liberty:
ফের শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সেই অভিযোগ তুলেই সোশ্যাল মিডিয়ায় তদন্তের আবেদন মৃতের পরিবারের। জানা গেছে, পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২৫ বছরের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সরব হয়েছে তাঁর পরিবার। মৃতের পরিজনদের অভিযোগ, যথাযথ চিকিৎসা ও দ্রুত পরিষেবা না মেলায় মৃত্যু হয়েছে যুবকের।

RG Kar Hospital
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পথ দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় প্রীতম রায় নামে ওই যুবককে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। হাওড়ার রাজচন্দ্রপুরের বাসিন্দা প্রীতমের দু’পায়ের হাড়ের পাশাপাশি কোমরের বাঁদিকের হাড়ও ভেঙে গিয়েছিল। হাসপাতাল সূত্রের দাবি, দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হেমারাজিক শকে চলে যান তিনি। রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে দ্রুত পরিষেবার আবেদন(RG Kar Hospital)
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃতের পরিজনেরা। হাসপাতাল চত্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতির আবেদন জানান তাঁরা। তাঁদের অভিযোগ, দ্রুত এবং পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পাওয়া গেলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।
আরও খবর

হাসপাতালের আশ্বাস(RG Kar Hospital)
তবে এই ঘটনায় চিকিৎসকদের চিকিৎসায় কোনও গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, সরকারি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। রোগীর চাপ সামলানো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যাপ্ত উপস্থিতি এবং জরুরি পরিষেবা নিয়ে অভিযোগও সামনে এসেছে। পরিস্থিতি বদলাতে স্বাস্থ্যদফতরের তরফে সরকারি হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে।
RG Kar Hospital
তারপরও কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল আরজি করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। উন্নত পরিকাঠামোর পাশাপাশি রোগীদের দ্রুত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মৃতের পরিবার।

আরও পড়ুন:শেষরক্ষা হল না, প্রয়াত পরিচালক রাজা সেন


