Police Recruitment: EWS সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা! মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ হাই কোর্টের

Bengal Liberty

পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের মেধাতালিকা প্রকাশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট (Police Recruitment)। ২০২৪ সালে প্রকাশিত ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি বা EWS-এর সংরক্ষণ সংক্রান্ত নিয়ম যথাযথ ভাবে মানা হয়নি – এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক চাকরিপ্রার্থী। বুধবার মামলার শুনানিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেধাতালিকা প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

Calcutta High Court puts interim stay on merit list of Police Constable recruitment process

নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশ Police Recruitment

২০২৪ সালে প্রায় ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সম্পন্ন হয় ইন্টারভিউ পর্ব। নিয়োগ প্রক্রিয়ার প্রায় সব ধাপ শেষ হওয়ার পরেই সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। বুধবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারী সুদীপ্ত চক্রবর্তীর অভিযোগ, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে EWS সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকা যথাযথ ভাবে অনুসরণ করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই আপাতত মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে আদালত।

মামলাকারীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ি এবং অর্কদেব বিশ্বাস। শুনানি শেষে বিচারপতি সিংহ নির্দেশ দেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা যাবে না। এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে আইনি জটিলতা অবশ্য নতুন নয়। বিধানসভা নির্বাচনের আগে থেকেই নিয়োগ নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল। সরকার পরিবর্তনের পর নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন সরকারের অবস্থান নিয়েও আদালতে প্রশ্ন উঠেছিল। সেই আবহেই এ বার EWS সংরক্ষণ সংক্রান্ত অভিযোগে মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ জারি হল।

ফলে প্রায় ১২ হাজার কনস্টেবল পদে নিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আটকে থাকছে মেধাতালিকা প্রকাশ। ওই দিন মামলার পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশের উপরই নির্ভর করবে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury