Bengal Liberty : দীর্ঘদিনের গোর্খাল্যান্ড দাবি এবং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ফের তৎপর কেন্দ্র (Amit Shah)। শিলিগুড়িতে কেন্দ্র, রাজ্য এবং পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উঠে এসেছে পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সাংবিধানিক সমাধানের পথ খোঁজার বিষয়টি। ইতিমধ্যেই সেই লক্ষ্যে ফের মধ্যস্থতাকারী হিসেবে প্রাক্তন আইএএস কর্তা পঙ্কজ কুমার সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে একটি কমিটি পাহাড়, তরাই ও ডুয়ার্সের বিভিন্ন অংশে গিয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কথা বলবে। এরপর বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে (Amit Shah)।

অমিত শাহের বৈঠকে পাহাড়ের রাজনৈতিক সমাধানের বার্তা (Amit Shah)
উত্তরবঙ্গ সফরের শেষ দিনে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যা নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং, দলের সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিং-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের নেতা। ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্খলাও। দীর্ঘদিন ধরেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানিয়ে আসছিল পাহাড়ের বিভিন্ন দল। আগের সরকারের সময়ে কেন্দ্রের উদ্যোগে মধ্যস্থতাকারী নিয়োগ হলেও রাজ্যের অসহযোগিতার অভিযোগ উঠেছিল। ফলে সেই প্রক্রিয়া কার্যত থমকে যায়। এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর ফের সেই উদ্যোগ শুরু হয়েছে। ম্যারাথন বৈঠক শেষে পাহাড়ের নেতাদের বক্তব্যে যথেষ্ট আশাবাদের সুর শোনা যায়। তাঁদের দাবি, অন্তত স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু হয়েছে।

ফের মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং (Amit Shah)
পাহাড়ের সমস্যা সমাধানে ফের মধ্যস্থতাকারী হিসেবে প্রাক্তন আইএএস কর্তা পঙ্কজ কুমার সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর তত্ত্বাবধানে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সেই কমিটি পাহাড়ের পাশাপাশি তরাই ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় যাবে। বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে কমিটি। তাঁদের দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তৈরি করা হবে বিস্তারিত রিপোর্ট। সেই রিপোর্ট জমা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছে। অর্থাৎ, আলোচনার মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার একটি গ্রহণযোগ্য ও সাংবিধানিক সমাধানের পথ খোঁজাই হবে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।
আরও খবর

‘গোর্খারা আরও বড় কিছু পাবেন’, আশাবাদ রাজু বিস্তা (Amit Shah)
বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, “গোর্খাদের দীর্ঘদিনের দাবি৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের মনের কথা কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও নিজের বক্তব্য পেশ করেছেন৷ সবটা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমাধানের যে রাস্তা রয়েছে তার কথা বলেন। মধ্যস্তকারী পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র দফতরের দলের একটি কমিটির গঠন হয়েছে। গোর্খা যা আশা নিয়ে বেঁচেছে এতদিন তার থেকেও আরও বড় কিছু পাবেন তারা।”
গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরির বক্তব্যেও উঠে এসেছে সাংবিধানিক সমাধানের প্রসঙ্গ। তিনি বলেন,”যা সমাধান হবে সেটা সাংবিধানিক সমাধান হবে । মধ্যস্থতাকারী তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হবে। যা সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে একটি রিপোর্ট কেন্দ্র সরকারকে পেশ করবে ।” অন্যদিকে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্খলা বলেন,
“গোর্খাদের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনে খুব ভালো বৈঠক হয়েছে । গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে যে সমাধান আমাদের চাই তার কাজ শুরু হয়ে গেল।” অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ফের আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হল।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/22/nirmal-ghosh-4/


